‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস-২০২৬। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে রোববার (১ নভেম্বর) এক বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দক্ষতা অর্জনকারী তরুণদের মাঝে মোট ২ লাখ টাকার যুব ঋণের চেক হস্তান্তর এবং যুব আত্মকর্মীদের মাঝে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে।
দিবসের সূচনাতেই সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম সঞ্চালনার দায়িত্ব পালন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।
আলোচনা সভায় বক্তারা দেশের সার্বিক অগ্রগতিতে তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা বলেন, জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের পরিবেশ গড়ে তোলা অপরিহার্য। যথাযথ প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে তোলা গেলে তাঁরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের পাশাপাশি প্রধান অতিথি তরুণদের হাতে চারা ও ঋণের চেক তুলে দেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জনের স্বীকৃতিস্বরূপ ২ জন আত্মকর্মীকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। ঋণপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শালবরাত গ্রামের মো. চুন্নু মোল্যা এবং কোলা গ্রামের মো. নাহিদ শেখ। এছাড়া অনুষ্ঠানে আগত যুব আত্মকর্মী, প্রশিক্ষণার্থী ও সংগঠকদের মাঝে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সিনিয়র সহসভাপতি মো. হেমায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা আর্ণ প্রকল্পের ম্যানেজার জগদীশ মন্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামচুল হক আজাদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন। একই সঙ্গে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় যুব সংগঠক ও প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

