উত্তর আফ্রিকার দুই প্রতিবেশী দেশ আলজেরিয়া ও মরক্কোর দীর্ঘদিনের ভূরাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্ব এবার ছড়িয়ে পড়ছে সাহেল অঞ্চলে। এতদিন ধরে পশ্চিম সাহারা এবং মাগরেব অঞ্চলের নেতৃত্ব দেখভালকে কেন্দ্র করে এই দুই দেশের মধ্যে প্রতিযোগিতা চলে আসছিল। তবে সম্প্রতি কূটনৈতিক যোগাযোগ, নিরাপত্তা রক্ষা, অবকাঠামো নির্মাণ, জ্বালানি নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য ও ধর্মীয় সহযোগিতাকে হাতিয়ার করে তারা সাহেল অঞ্চলে নিজেদের অবস্থান সুদৃঢ় করার জোর প্রচেষ্টা চালাচ্ছে।
অঞ্চলটিতে প্রভাবশালী হতে দুই দেশ দুটি ভিন্ন কৌশল অনুসরণ করছে। আলজেরিয়া তাদের ভৌগোলিক নৈকট্য, ঐতিহাসিক নিরাপত্তা বলয় এবং দীর্ঘদিনের কূটনৈতিক অভিজ্ঞতার ওপর ভর করে প্রভাব ধরে রাখতে চাইছে। অন্যদিকে মরক্কো জোর দিচ্ছে অর্থনৈতিক যোগাযোগের ওপর। তারা ব্যাপক আর্থিক বিনিয়োগ, নিজস্ব ব্যাংকিং ব্যবস্থা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন, কৌশলগত বন্দর সুবিধা এবং জ্বালানি প্রকল্পের মধ্য দিয়ে নিজেদের অবস্থান তৈরি করছে।
সম্প্রতি সাহেল এলাকার দেশগুলোতে বড় ধরনের ভূরাজনৈতিক পরিবর্তন ঘটে চলেছে। মালি, বুরকিনা ফাসো ও নাইজার তাদের দীর্ঘদিনের পশ্চিমা মিত্রদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে নতুন আঞ্চলিক অংশীদারদের সন্ধান করছে। নিজেদের মধ্যে নতুন অক্ষ তৈরি করতে তিন দেশ মিলে গড়ে তুলেছে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ (এইএস)। আঞ্চলিক ক্ষমতার এই রূপান্তরের মুখে আলজেরিয়া ও মরক্কোর দ্বিমুখী প্রতিযোগিতা ওই দেশগুলোর সামনে নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১০: ৫৯আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১১: ০২

