রাঙামাটিতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পার্বত্য অঞ্চলের শিক্ষাব্যবস্থার দীর্ঘদিনের দুর্বলতা নতুন করে প্রকাশ্যে এসেছে। জেলার ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও শেষ পর্যন্ত পাস করতে পেরেছেন মাত্র ১ হাজার ৭১৪ জন। এতে জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৩১.৯৮ শতাংশে। বিপরীতে অকৃতকার্য হয়েছেন ৩ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী। জেলাজুড়ে জিপিএ-৫ পাওয়ার সাফল্য অর্জন করেছেন মাত্র ১৫ জন শিক্ষার্থী।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জেলার ২২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭টিতেই কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেননি। সবচেয়ে উদ্বেগজনক পরিসংখ্যান তৈরি করেছে সুজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ, যেখানে অংশ নেওয়া পাঁচজন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হওয়ায় পাসের হার শূন্য। এ ছাড়া নানিয়ারচর সরকারি কলেজে পাসের হার মাত্র ৭.৭২ শতাংশ, কাচালং সরকারি কলেজে ৭.৮৫ শতাংশ এবং ঘাগড়া কলেজে ৯.০৯ শতাংশে নেমে এসেছে।
অন্যান্য নিম্নমানের ফলাফলের মধ্যে কাপ্তাই সরকারি ডিগ্রি কলেজে পাসের হার ১০.২৪ শতাংশ, সাজেক কলেজে ১৩.১১ শতাংশ, কর্ণফুলী সরকারি কলেজে ১৯.৬৩ শতাংশ এবং লংগদু সরকারি মডেল কলেজে ২৬.৪৩ শতাংশ রেকর্ড করা হয়েছে। জেলার নারী শিক্ষার বড় প্রতিষ্ঠান রাঙামাটি সরকারি মহিলা কলেজে ৯১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬০ জন পাস করায় পাসের হার দাঁড়িয়েছে ২৮.৩২ শতাংশ। এছাড়া রাঙামাটি পাবলিক কলেজে ২৬০ জনের মধ্যে মাত্র ৭২ জন পাস করায় পাসের হার ২৭.৬৯ শতাংশ।
জেলার প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান রাঙামাটি সরকারি কলেজে ৮৮২ জন অংশ নিয়ে পাস করেছেন ৫৩৮ জন, যেখানে পাসের হার ৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন সাতজন শিক্ষার্থী। জেলায় পাসের হারে সেরা অবস্থানে রয়েছে কাপ্তাইয়ের বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ১৭০ পরীক্ষার্থীর মধ্যে ১৫৯ জন পাস করায় পাসের হার ৯৩.৫৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০৫ জনের মধ্যে ১৭৪ জন পাস করেছেন এবং পাসের হার ৮৪.৮৮ শতাংশ; এই প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।
প্রতিষ্ঠাভিত্তিক ফলাফলের এমন বড় বৈষম্য ও সার্বিক বিপর্যয় পাহাড়ে শিক্ষার মান ও শ্রেণি কক্ষের পাঠদান নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে। দীর্ঘ দিন ধরে এই অঞ্চলে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সরকারি নানা উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়ন হলেও শিক্ষার্থীদের ফলাফলে তার সুফল না আসায় স্থানীয়ভাবে গভীর আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

