যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এড়াতে তেহরানে কাতারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতা আবারও জোরদার হয়েছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে কাতারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যেই প্রতিনিধি দলটি তেহরানে অবস্থান করছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির একজন জ্যেষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে এই দলটি কাজ করছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা বাড়ছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ডনাল্ড ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছেন বলে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে কাতার, যারা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, স্থবির আলোচনা পুনরুজ্জীবিত করতে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়িকে একটি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্সকে দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, তেহরান ওই বার্তা পেয়েছে, তবে এখনো কোনো জবাব দেয়নি।

নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে, রোববার কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে চিঠিটি রেজায়ির কাছে পৌঁছানো হয়। এতে ভ্যান্সের নেতৃত্বে সরাসরি আলোচনার প্রস্তাব রাখা হয়েছে, যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচিকে আলোচ্যসূচিতে রাখার শর্ত রয়েছে। তবে গত এক সপ্তাহে ওয়াশিংটন ও তেহরান থেকে পরস্পরবিরোধী বার্তা আসায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানে হামলার সম্ভাব্য বিকল্প নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অবহিত করেছেন। এছাড়া মধ্যপ্রাচ্যে বিমান প্রতিরক্ষাব্যবস্থা ও গোলাবারুদের মজুত বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ১০টি সামরিক কার্গো বিমান ইসরাইলের নেগেভ অঞ্চলের ওভদা ও নেভাতিম বিমানঘাঁটিতে অবতরণ করেছে। এ ছাড়া জর্ডান, সৌদি আরব ও কাতারেও সামরিক বিমান মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি এই সামরিক পরিকল্পনা সম্পর্কে অবহিত হয়ে সেগুলোকে ‘উন্মাদনাপূর্ণ’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছেন, ট্রাম্প এই সংঘাতকে ‘শেষ না হওয়া যুদ্ধে’ পরিণত হতে দেবেন না। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত সেপ্টেম্বরে আল জাজিরাকে বলেছিলেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনার ওপর তেহরান আর আস্থা রাখতে পারছে না। তার আশঙ্কা, যুক্তরাষ্ট্র বড় ধরনের বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। এখন কাতারের এই নতুন কূটনৈতিক উদ্যোগের মধ্য দিয়ে দুই দেশ আলোচনায় ফিরবে, নাকি মধ্যপ্রাচ্য বড় ধরনের সামরিক সংঘাতের মুখে পড়বে, সেটিই এখন বড় প্রশ্ন।