পাবনা সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে বজ্রপাতে একসঙ্গে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতরা সবাই কিশোর ও তরুণ বলে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে কয়েকজন কিশোর ও তরুণ বৃষ্টির হাত থেকে বাঁচতে পলিথিন দিয়ে তৈরি একটি ঘরে আশ্রয় নেন। দুর্ভাগ্যবশত, সেই ঘরটিতেই বজ্রপাত আঘাত হানলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বৃষ্টির সময় পলিথিনের ঘরে আশ্রয় নেওয়া কিশোর ও তরুণদের ওপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। খবর পেয়ে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

