রাজধানীর বাজারে শীতের আগাম সবজির পর্যাপ্ত আমদানি থাকলেও চড়া দামের আগুনে হাত পুড়ছে সাধারণ মানুষের। শীতের নানা রঙের শাকসবজিতে কাঁচাবাজার জমে উঠলেও অতিরিক্ত মূল্যের কারণে তা মধ্যবিত্ত ও নিম্নআয়ের ক্রেতাদের নাগালের বাইরেই রয়ে গেছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে নতুন আলুর কেজিপ্রতি দাম ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। সবজি ব্যবসায়ী রমিজ উদ্দিন জানান, বাজারে নতুন কোনো পণ্য উঠলে শুরুতে দাম কিছুটা বেশি থাকে। অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও ঝিঙা, বেগুন, কাঁকরোল, শিম ও টমেটোর মতো কয়েকটি সবজি ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
ক্রেতা আরিফ আহম্মেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, টেলিভিশনে লাউয়ের কম দামের খবর দেখা গেলেও রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো লাউ পাওয়া যাচ্ছে না। শীতকালে সাধারণত সবজির দাম কমার কথা থাকলেও এবার চিত্র উল্টো। বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, ঝিঙা ১০০ টাকা, লাউ ৬০ থেকে ৮০ টাকা, পটোল ৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা এবং গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁকরোল ১০০ টাকা, কচুমুখী ৮০ টাকা, মুলা ৭০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, গাজর ১৪০ টাকা, শিম ১০০ টাকা, সাধারণ টমেটো ১২০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে পেঁপে ৩০ টাকা ও মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজি দরে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। এছাড়া কাঁচা মরিচ ১৪০ টাকা, জলপাই ৮০ টাকা এবং নতুন আলু ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজারে ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ডজন ব্রাউন ডিম ১৪০ টাকা ও সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও বড় আকারের ও সামুদ্রিক মাছ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। পাঙাশ ২৩০ টাকা এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হলেও রুই ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা ও বায়লা ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বড় আকারের কাতল মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা এবং বাইন মাছ ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শিং মাছ ১ হাজার টাকা এবং বড় আকারের চিংড়ি ১ হাজার ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া সাগরের পাঙাশ ১ হাজার ২০০ টাকা এবং ৯০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা ও এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ ব্যবসায়ী রাজিব হোসেন জানান, সাগরের মাছ ও দেশি মাছের দাম সবসময়ই বেশি থাকে। ক্রেতা রাকিব মিয়া বলেন, টাউন হল মার্কেটে মাছের দাম অন্যান্য জায়গার তুলনায় বেশি হলেও এখানে তরতাজা মাছ পাওয়া যায়।

