ইসরায়েলের জাতীয় নির্বাচন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভাগ্যকে নতুন করে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিরোধী দলগুলো যদি আরব দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুতও করে, তবু নেতানিয়াহু ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান আন্তর্জাতিক আইনি লড়াই স্তব্ধ হবে না। পদত্যাগ কিংবা সরকার পতন হলেও আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর থাকবে এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যার মামলাও যথারীতি চলবে।
প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলে নেতানিয়াহু সেই ব্যক্তিগত দায়মুক্তি বা 'পার্সোনাল ইমিউনিটি' হারাবেন, যাকে ঢাল হিসেবে ব্যবহার করে বেশ কয়েকটি দেশ তাঁকে গ্রেপ্তারের বাধ্যবাধকতা থেকে দূরে থেকেছে। এর ফলে আন্তর্জাতিক পরোয়ানা ও বিভিন্ন দেশের জাতীয় আদালতে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ক্ষেত্রে তাঁর ঝুঁকি বহুগুণ বেড়ে যাবে। গাজায় অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে প্রয়োগ, হত্যা ও নিপীড়নসহ যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০২৪ সালের নভেম্বরে আইসিসি নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। এ ছাড়া গাজাগামী ত্রাণ বহরে বাধার ঘটনায় নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তুরস্কের আদালতও নেতানিয়াহুর অনুপস্থিতিতে বিচার ও পরোয়ানা জারি করে রেখেছে।
রোম সংবিধির ৫৮(৪) ধারা অনুযায়ী, আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকে। আইসিসির ডেপুটি প্রসিকিউটর নাঝাত শামিম খান ২০২৫ সালের সেপ্টেম্বরে নিশ্চিত করেছিলেন যে পরোয়ানা প্রত্যাহারে আদালত কোনো পদক্ষেপ নেননি। ইসরায়েল রোম সংবিধির স্বাক্ষরকারী দেশ নয়—এমন যুক্তি দেখিয়ে আইসিসির এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছে। ২০২৫ সালের এপ্রিলে আইসিসির আপিল চেম্বার বিষয়টি প্রাক্-বিচার চেম্বারকে পুনর্বিবেচনার নির্দেশ দিলেও বিচার চলার সময়ে পরোয়ানা স্থগিত রাখতে সায় দেননি। এ নিয়ে ইসরায়েলের দুটি আপিল এখনো বিচারাধীন রয়েছে।
আইসিসির ক্ষেত্রে পদে থাকা বা না থাকা বিচারে কোনো বাধা সৃষ্টি করে না। রোম সংবিধির ২৭ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, সরকারি পদমর্যাদা বিচারে বাধা নয় এবং তা কোনো সদস্য রাষ্ট্রকে গ্রেপ্তারের অনুরোধ তামিল করা থেকে অব্যাহতি দেয় না। এমনকি অ-সদস্য রাষ্ট্রের নেতাদের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য। যেমন ২০১৯ সালে আইসিসির আপিল চেম্বার পর্যবেক্ষণ দেন যে সুদান অ-সদস্য হওয়া সত্ত্বেও জর্ডানের দায়িত্ব ছিল তৎকালীন সুদান প্রধান ওমর আল-বশিরকে গ্রেপ্তার করা। একইভাবে ২০২৪ সালেও বিচারকেরা মন্তব্য করেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার না করে মঙ্গোলিয়া তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।
আন্তর্জাতিক আইনে রাষ্ট্রীয় কর্মকর্তাদের জন্য দুধরনের দায়মুক্তি স্বীকৃত। একটি হলো 'ব্যক্তিগত দায়মুক্তি', যা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীদের দায়িত্বে থাকাকালীন বিদেশের আদালতে গ্রেপ্তার ও বিচার থেকে সাময়িক সুরক্ষা দেয়। ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই এই সুরক্ষা বাতিল হয়ে যায়। অন্যটি হলো 'কার্যকর দায়মুক্তি', যা সরকারি ক্ষমতাবলে পরিচালিত কাজের ক্ষেত্রে প্রযোজ্য এবং দায়িত্ব ছাড়ার পরও টিকে থাকে। তবে আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞদের মতে, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে কার্যকর দায়মুক্তি কোনো সুরক্ষা দেয় না।
দায়মুক্তির বিষয়ে বিভিন্ন দেশের অবস্থানও ভিন্ন ছিল। ২০২৪ সালের নভেম্বরে ফ্রান্স দাবি করেছিল অ-সদস্য দেশের কর্মকর্তাদের দায়মুক্তি বজায় থাকে, যদিও মানবাধিকার গোষ্ঠীগুলো তা নাকচ করে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি ২০২৫ সালের জানুয়ারিতে নেতানিয়াহুর সম্ভাব্য গ্রেপ্তারের প্রশ্নে দায়মুক্তির বিষয়টি উল্লেখ করেছিলেন। আবার ২০২৫ সালের এপ্রিলে হাঙ্গেরি নেতানিয়াহুর সফরের সময় তাঁকে গ্রেপ্তার না করার জন্য ৯৮ ধারার আশ্রয় নিলে আইসিসি রায় দেন যে হাঙ্গেরি সহযোগিতার বাধ্যবাধকতা ভেঙেছে। তবে নেতানিয়াহু পদ হারালেও আইসিসির নিজস্ব পুলিশ বাহিনী না থাকায় সদস্যরাষ্ট্রগুলোর সহযোগিতার ওপরই নির্ভর করতে হবে। ইসরায়েলের নতুন কোনো সরকার গঠন হলে তারা তাঁকে আইসিসির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তও নিতে পারে।
ব্যক্তিগত দায়মুক্তি হারালে বিশ্বের যেসব দেশে সর্বজনীন এখতিয়ারের আইন রয়েছে, সেখানেও নেতানিয়াহুর বিচারের রাস্তা সহজ হবে। উদাহরণস্বরূপ, তুরস্ক ২০২৫ সালে গাজাগামী 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা' অবরোধের ঘটনায় নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিচার চালিয়ে যাচ্ছে। ইতিহাসে সাবেক নেতাদের আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করার নজির রয়েছে; ১৯৯৮ সালে চিলির অগাস্তো পিনোশে স্পেনের পরোয়ানায় লন্ডনে গ্রেপ্তার হলে পরের বছর হাউস অব লর্ডস জানায় যে নির্যাতনের অভিযোগে পিনোশে দায়মুক্তি পাবেন না। আবার ২০২৫ সালের জুলাইয়ে ফ্রান্সের সর্বোচ্চ আদালত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পরোয়ানা বাতিল করলেও উল্লেখ করেন, ক্ষমতা ছাড়ার পর নতুন পরোয়ানা দেওয়া সম্ভব এবং মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে সাবেক নেতারা কার্যকর দায়মুক্তি পান না।
এদিকে ২০২৩ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার দায়ের করা আইসিজে মামলাটি ব্যক্তি নয়, বরং ইসরায়েল রাষ্ট্রের দায়বদ্ধতার ওপর ভিত্তি করে পরিচালিত। ফলে প্রধানমন্ত্রী বদল হলেও এই মামলার গতি থমকে যাবে না। বিচারে নেতানিয়াহুর অতীত বক্তব্য ও নির্দেশনাই গণহত্যার অভিপ্রায়ের প্রমাণ হিসেবে বিবেচিত হবে। ইসরায়েল ২০২৬ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার অভিযোগের বিপরীতে পাল্টা যুক্তি দাখিল করেছে। আদালত দক্ষিণ আফ্রিকাকে ২০২৭ সাল পর্যন্ত উত্তর দেওয়ার এবং ইসরায়েলকে ২০২৯ সালের ২২ মে পর্যন্ত জবাব দেওয়ার সময় বেঁধে দিয়েছেন, যার অর্থ এর চূড়ান্ত রায় পেতে বহু বছর অপেক্ষা করতে হবে।
আন্তর্জাতিক আদালতের পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরীণ আদালতেও নেতানিয়াহুর জটিলতা কাটছে না। ২০২০ সাল থেকে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি আলাদা মামলায় বিচার চলছে। নেতানিয়াহু অপরাধ অস্বীকার করে ২০২৫ সালের নভেম্বরে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ক্ষমার আবেদন জানান। ২০২৬ সালের এপ্রিলে প্রেসিডেন্টের কার্যালয় জানায় যে দুই পক্ষকে আদালতের বাইরে সমঝোতায় আসা উচিত। তবে বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধ স্বীকার না করা এবং রাজনীতি থেকে অবসর না নেওয়া পর্যন্ত নেতানিয়াহুকে ক্ষমা করা সম্ভব নয়।

