সাবেক এমপি ছলিম তরফদার ও তার স্ত্রীর ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার এবং তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই নির্দেশ জারি করেন।

দুদকের দেওয়া আবেদন সূত্রে জানা গেছে, ৫৭ বছর বয়সী সাবেক এমপি মো. ছলিম উদ্দিন তরফদারের সহায়তায় তার ৫৬ বছর বয়সী স্ত্রী শামীমা আক্তার শিরিন ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। পরে তারা পরস্পর যোগসাজশে ওই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজেদের ভোগদখলে রাখেন বলে অভিযোগ করেছে কমিশন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ছলিম উদ্দিন তরফদার সরকারি কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে অসৎ উদ্দেশ্যে নিজের ক্ষমতার অপব্যবহার করেন এবং স্ত্রীকে অনুচিত প্রভাব ও আর্থিক সহায়তা প্রদান করেন। তাদের এই কর্মকাণ্ড দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তদন্ত কার্যক্রম পরিচালনাকালে অনুসন্ধান প্রক্রিয়া যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই দুদকের পক্ষ থেকে হিসাবগুলো অবরুদ্ধের আরজি জানানো হয়েছিল। সংস্থাটির আশঙ্কার কথা জানিয়ে আবেদনে বলা হয়, শামীমা আক্তার শিরিন ও ছলিম উদ্দিন তরফদার তাদের ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছিলেন। এ পরিস্থিতিতে আদালত শুনানি গ্রহণ করে তাদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার সিদ্ধান্ত দেন।

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৩: ২৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৩: ৩২