ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়তে চান প্রধানমন্ত্রী

ঢাকাসহ পুরো বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত এবং স্বাস্থ্যকর আবাসভূমি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, রাজধানী ঢাকাকে জাপানের রাজধানী টোকিওর আদলে পরিচ্ছন্ন একটি শহর হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে টোকিও শহরের পরিচ্ছন্নতার প্রশংসা করে বলেন, জাপানের এই শহরের রাস্তাঘাটে কোনো ময়লা-আবর্জনা দেখা যায় না। অথচ আমাদের ঢাকার চারদিকে আবর্জনা জমে থাকে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। এই পরিস্থিতির পরিবর্তন করা এখন সময়ের দাবি। আবর্জনা থেকে জীবাণু ছড়ায়, তাই ঢাকাবাসীকে সুস্থ রাখতে পরিবেশ পরিষ্কার রাখা এবং বর্জ্য অপসারণের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, রাস্তায় আবর্জনার কারণে যেন জনগণের চলাচলে ভোগান্তি না হয় এবং দূষিত বাতাসের কারণে মানুষ অসুস্থ না হয়ে পড়ে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আমরা যদি টোকিওর মতো করে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে পারি, তাহলে সেটি হবে দেশের জন্য বড় একটি সংস্কার।

সরকারের সংস্কার পরিকল্পনার অগ্রাধিকার হিসেবে প্রান্তিক মানুষের কল্যাণের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এমন সংস্কারই বাস্তবায়ন করতে চায় সরকার, যাতে সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষ সরাসরি উপকৃত হয়। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নের উদ্যোগের সুফল যেন সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছায়। তিনি আরও বলেন, রাজনীতিবিদ হিসেবে সংস্কার বলতে আমি সেই কাজকেই বুঝি, যার সুবিধা দেশের প্রান্তিক মানুষটিও পায়।

এই সংস্কার বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রমনা মানুষের সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের উপকারে আসবে এমন সংস্কার কার্যক্রম বিএনপি সরকার যাতে বাস্তবায়ন করতে না পারে, সেজন্য একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।