স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু

স্পেনের মধ্যাঞ্চলে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার কিছু পর টলেডো প্রদেশের উর্দা শহরের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মোনিকা গার্সিয়া রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে জানিয়েছেন, এটি অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা। তবে হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করার সময় এখনো আসেনি। তিনি আরও বলেন, আহতদের দ্রুত চিকিৎসার জন্য আশপাশের হাসপাতালগুলোর সহায়তা প্রয়োজন, বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা রয়েছে এমন হাসপাতালগুলোর সহযোগিতা জরুরি।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা না গেলেও প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, একটি স্থির হয়ে থাকা ট্রেনের পেছনে আরেকটি ট্রেন ধাক্কা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, অন্তত দুটি ট্রেনের বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে উল্টে গেছে। পরিস্থিতিকে ‘চরম বিশৃঙ্খল’ বলে বর্ণনা করেছেন স্থানীয় সাংবাদিকরা।

কাস্তিয়া-লা মানচা আঞ্চলিক সরকারের মুখপাত্রের তথ্য অনুযায়ী, এভিই পরিচালিত একটি ট্রেনে ৩৯৭ জন এবং আইরিও পরিচালিত অন্য ট্রেনে ১৪৬ জন যাত্রী ছিলেন। উদ্ধারকাজে সব ধরনের প্রয়োজনীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে। ঘটনাস্থলে একাধিক অগ্নিনির্বাপণ দল, তিনটি হেলিকপ্টার এবং নিবিড় পরিচর্যার সুবিধাসম্পন্ন দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট মোতায়েন করা হয়েছে।

রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে, এ ঘটনার পর মাদ্রিদ-আন্দালুসিয়া উচ্চগতির রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সেবাকর্মীরা সমন্বয় করে কাজ করছেন এবং তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে স্পেনের আন্দালুসিয়ার আদামুজের কাছে আরেকটি বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় ৪৬ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হন, যা ২০১৩ সালের পর দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী ছিল। এবারকার দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রকৃত হতাহতের সংখ্যা নির্ধারণ এখন কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।