বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করা হয়: রিজভী

বিদ্যুৎ খাতে দুর্নীতি ও লুটপাটের সুযোগ করে দিতেই তৎকালীন আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন প্রণয়ন করেছিল বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। গণতান্ত্রিক সমাজ গঠনে দেশের প্রতিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। ‘রাজশাহী সিটি করপোরেশন ও শৈলকুপা পৌরসভা এলাকায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্ভাব্যতা যাচাই ও লাইফলাইন গ্রাহক সমীক্ষা: ফলাফল ও বাস্তবায়ন’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ক্যাব যুব সংসদ।

গণসংলাপে রুহুল কবির রিজভী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সরকারের প্রতিটি কাজ ও উদ্যোগের জন্য জনগণের কাছে জবাবদিহি থাকা আবশ্যক। কোনো প্রতিষ্ঠান বা খাতই এর ঊর্ধ্বে থাকতে পারে না। শতভাগ বিদ্যুতায়নের রাষ্ট্রীয় দাবি সত্ত্বেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের বহু মানুষ এখনো এর সুফল থেকে বঞ্চিত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দরিদ্র পরিবারগুলো প্রায়ই যৌথভাবে বা ভাগাভাগি করে বিদ্যুৎ ব্যবহার করে। তাই কেবল বিদ্যুৎ ব্যবহারের হিসাব দিয়ে দরিদ্র মানুষের প্রকৃত অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করা সম্ভব নয়।

বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান দিয়ে দারিদ্র্য নিরূপণের ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়ার ওপর জোর দিয়ে রিজভী বলেন, যেকোনো পরিসংখ্যানকে চূড়ান্ত ধরে না নিয়ে তা পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। এ ক্ষেত্রে আয়োজকদের এই গবেষণাটি অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করবে।

নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বড় ধরনের আগ্রহ রয়েছে। নিজস্ব চাহিদা মিটিয়ে এই খাত থেকে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হলে বিদ্যুৎ উৎপাদন বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।

বিশ্বজুড়ে চলা জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে জানিয়ে রিজভী আশা প্রকাশ করেন, সংকট মোকাবিলায় বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে। এর মাধ্যমে দেশ দ্রুত সামনে এগিয়ে যাবে এবং বিদ্যমান সংকট কেটে যাবে। অতীতের মতো অনিয়ম ও অনিয়ন্ত্রিত দুর্নীতি যেন না ঘটে, সে জন্য প্রতিটি উন্নয়ন প্রকল্পে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম এবং গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।