গাজীপুরের শ্রীপুরে নিজ বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পলাতক ছেলে আনোয়ার হোসেনকে (২৫) স্থানীয়রা আটক করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেলে এলাকাবাসী তাকে দেখতে পান। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে তাকে ধরে ফেলেন। পরে একটি নারিকেলগাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। আটকের পর আনোয়ার নিজেকে নির্দোষ দাবি করেন এবং তার বাবা মারা গেছেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি দাবি করেন, গত দুই দিন এলাকায় লুকিয়ে থেকে তিনি তার ছেলে-মেয়েকে দেখার চেষ্টা করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আনোয়ার। একপর্যায়ে তার বাবা আব্দুস সামাদ (৬০) তাকে শান্ত করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে তার মাথায় ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়। ঘটনার পর আনোয়ার পালিয়ে যান। এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

