ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট এবং দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের মধ্যে সমান সংখ্যক আসন পাওয়ার আভাস দেখা দিয়েছে। এমন পেক্ষাপটে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে দূরত্ব বজায় রাখা বিরোধী শিবিরের জন্য কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাবিষয়ক আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির সাবেক সম্পাদক এবং রাজনৈতিক বিশ্লেষক ড্যান পেরির মতে, সমীকরণটি বেশ জটিল ও বিব্রতকর রূপ নিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহুর সাবেক সমর্থকদের নিজেদের দিকে টানতে বিরোধী জোট শুরু থেকেই প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে তারা আরব-ইসরাইলি দলগুলোর ওপর নির্ভরশীল কোনো সংখ্যালঘু সরকার গড়ে তুলবে না। অথচ নির্বাচনে দল দুটি অসাধারণ সাফল্য অর্জন করেছে।
ড্যান পেরি স্পষ্ট উল্লেখ করেন, বিরোধী জোট শেষ পর্যন্ত নিজেদের দেওয়া এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে বলে বিশ্বাস করা কঠিন। তার ভাষ্যমতে, বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর ব্যাপারে সাবেক সেনাপ্রধান আইজেনকোটের শিবির এবং আরব দলগুলোর মধ্য যে তীব্র আগ্রহ ও তাগিদ রয়েছে, তা রাজনৈতিক অন্য সব বিবেচনা ও শর্তকে ছাপিয়ে যাচ্ছে।
তিনি আরও যোগ করেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী শিবিরের দলগুলো যদি একসঙ্গে কাজ করার কোনো পথ বা ঐক্য খুঁজে পেতে ব্যর্থ হয়, তবে তা হবে রাজনৈতিক অদক্ষতার এমন এক দুর্লভ নজির, যা আগে খুব কমই দেখা গেছে।
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯: ৫৯আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০: ০২

