ঢাবির ৫৪তম সমাবর্তনের ফি কমানোর দাবি ডাকসুর, আন্দোলনের হুঁশিয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নির্ধারিত অতিরিক্ত ও অস্বাভাবিক ফি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। গলাকাটা ফি নির্ধারণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করার এই প্রক্রিয়া অবিলম্বে বন্ধ না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই দাবি ও হুঁশিয়ারি জানান।

বিবৃতিতে মুসাদ্দিক আলী বলেন, আসন্ন ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের নামে শিক্ষার্থীদের ওপর অস্বাভাবিক ও অতিরিক্ত ফি চাপিয়ে দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ শিক্ষার্থীর পক্ষে এত বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করে সমাবর্তনে অংশ নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), সহ-উপাচার্য (প্রো-ভিসি) এবং কোষাধ্যক্ষ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তবে শিক্ষার্থীদের ন্যায্য দাবির কথা বিবেচনা করে তিনি ব্যক্তিগতভাবে তাদের কাছে বার্তা পাঠিয়েছেন।

ডাকসু নেতার সুনির্দিষ্ট দাবিগুলোর মধ্যে রয়েছে সমাবর্তন ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, শিক্ষার্থীদের স্মৃতিচিহ্ন হিসেবে সমাবর্তনের গাউন স্থায়ীভাবে প্রদান করা এবং সমাবর্তনের দিন মানসম্মত খাবার সরবরাহ করা। প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের আবেগের এই সমাবর্তনকে পুঁজি করে কোনো ধরনের গলাকাটা বা বাণিজ্যিক ফি নির্ধারণ করা চলবে না। দ্রুত সময়ের মধ্যে এসব দাবি মেনে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য, ২০২৭ সনে অনুষ্ঠেয় ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের রেজিস্ট্রেশন ফি নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে: স্নাতক (পাস ও অনার্স, ফিজিওথেরাপি, হেলথ টেকনোলজি ও বিএসসি ইন নার্সিং সহ অন্যান্য) গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের জন্য ৩,৫০০ টাকা; স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রিধারীদের জন্য ৫,০০০ টাকা; এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি, ডিবিএ, এমএস/এমডি/এমফিল (মেডিকেল) ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্সসহ অন্যান্যদের জন্য ৬,০০০ টাকা এবং স্নাতকোত্তর (ইভিনিং/এক্সিকিউটিভ) ডিগ্রিধারীদের জন্য ৮,০০০ টাকা।

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২২: ৩০আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২২: ৩৫