ভোলার লালমোহন উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এবং গোপনে ধারণ করা অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করার গুরুতর অভিযোগ উঠেছে। মো. সাব্বির হোসেন (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে এই তথ্য সামনে আসার পর থেকেই সে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। অভিযুক্ত সাব্বির উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ষাটদরুণ এলাকার পোনার বাড়ির বজলুর রহমানের ছেলে এবং সে সরকারি শাহবাজপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে একই বাড়ির দুই সন্তানের জননী ওই গৃহবধূর সঙ্গে সাব্বিরের পরিচয় ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে সাব্বির। এ সময় তাদের কথোপকথন ও বিভিন্ন মুহূর্তের ভিডিও সে গোপনে ধারণ করে রাখে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গৃহবধূকে বারবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়।
সম্প্রতি বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতে করে তিনি সংসার ও ভবিষ্যৎ হারানোর চরম অনিশ্চয়তায় পড়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সাব্বিরকেই এখন তাকে বিয়ে করতে হবে বলে দাবি তুলছেন ভুক্তভোগী ওই নারী। একই সঙ্গে নিজের অধিকার রক্ষা ও সুষ্ঠু বিচারের জন্য তিনি সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ প্রার্থনা করেছেন। তবে ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় একটি সুযোগসন্ধানী মহল ফায়দা নেওয়ার পাঁয়তারা করছে বলেও জানা গেছে।
অভিযুক্তের বাবা মো. বজলুর রহমান এ বিষয়ে জানান, স্থানীয় সমাজপতিরা বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে দেওয়ার কথা বলেছেন। সালিশি বৈঠকে যে সিদ্ধান্ত হবে, তারা তা মেনে নেবেন। অন্যদিকে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেনি। তবে পুলিশ পুরো বিষয়টি নজরদারিতে রেখেছে এবং আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

