২৯ অক্টোবরের বদলে এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে ফল প্রকাশের সূচিতে এই সমন্বয় করতে হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সফর শেষে ২৯ অক্টোবর রাত ১০টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীর দেশে পৌঁছানোর কথা রয়েছে। ফলে ওই দিন সকালে ফলাফল প্রকাশের প্রচলিত আনুষ্ঠানিকতা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সাধারণত সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশ করেন।

এর আগে, গত ২৪ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হয়েছিল। একই সঙ্গে ফল প্রকাশের বিস্তারিত সময়, পদ্ধতি ও নিয়ম সম্পর্কে ২৬ অক্টোবর আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা পরবর্তীতে প্রকাশ করা হয়নি।

পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ও মোবাইলের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। ফল বের করার উপায়গুলো নিচে দেওয়া হলো:

অনলাইনের মাধ্যমে: শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট বোর্ড নির্বাচন করে ফল জানা যাবে। একই সাথে নম্বরপত্রও ডাউনলোড করা যাবে।শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর ফল একসঙ্গে সংগ্রহ করতে পারবে।এসএমএসের মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে ২০২৬ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন— ঢাকা বোর্ডের জন্য: HSC DHA 123456 2026।গত ২ জুলাই থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। বেশিরভাগ বোর্ডের লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। পরবর্তীতে এসব স্থগিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হয়। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সব মিলিয়ে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।