কক্সবাজারের উখিয়ার ‘টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে’ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার গতি ও ধারা নিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এতে জামিনযোগ্য ধারা প্রয়োগ, প্রধান আসামিদের গ্রেপ্তার না করা এবং প্রাথমিক এজাহার থেকে এক মালিকের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ উখিয়া থানার ওসি আতিকুর রহমানকে আগামী ২৯ অক্টোবর আদালতে সশরীর হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালতের দেওয়া আদেশে উল্লেখ করা হয়, ১০ জন পর্যটকের প্রাণহানির মতো অত্যন্ত চাঞ্চল্যকর ও গুরুতর ঘটনায় জামিন অযোগ্য ধারা যুক্ত না করে জামিনযোগ্য ধারায় মামলা নথিভুক্ত করা মারাত্মক অপরাধ। এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ২১৮ ধারা অনুযায়ী ওসি আতিকুর রহমানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা এবং বিভাগীয় শাস্তির সুপারিশ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব জানাতে বলা হয়েছে। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা শাহাজাহান এলাহী নূরী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের পাঠানো কারণ দর্শানোর নোটিশের অনুলিপি ওসি আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মামলার এজাহার নথিভুক্তির দায়িত্বে থাকা কর্মকর্তা হিসেবে ওসি ইচ্ছাকৃতভাবে দণ্ডবিধির ৩০৪ ধারা বাদ দিয়েছেন কি না এবং আসামিদের উপযুক্ত শাস্তি থেকে আড়াল করার কোনো অসৎ উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দণ্ডবিধির ৩০৪ ধারায় অপরাধ প্রমাণিত হলে অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে, যা একটি জামিন অযোগ্য ধারা। অপরদিকে ৩০৪-ক ধারায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে এবং তা জামিনযোগ্য।
মামলার নথি থেকে জানা গেছে, গত ১৭ অক্টোবর সকালে উখিয়ার ওই রিসোর্টে ভয়াবহ আগুন লাগে এবং পরে সেখানে পুড়ে যাওয়া ১০ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর দায়ের করা মামলায় শুরুতে দণ্ডবিধির ৩০৪-ক, ৩৩৮ ও ৩৪ ধারা অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর দুই দিন পর, অর্থাৎ ১৯ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা মামলায় দণ্ডবিধির ৩০৪ ধারা সংযোজন করার জন্য আদালতে আবেদন জানান।
আদালতের তলবের বিষয়ে উখিয়া থানার ওসি আতিকুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত তিনি আদালতের নোটিশ হাতে পাননি। নোটিশ পেলে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হয়ে নিজের ব্যাখ্যা পেশ করবেন। রিসোর্টের আগুনে ১০ জনের মর্মান্তিক মৃত্যুতে তিনি নিজেও গভীরভাবে মর্মাহত উল্লেখ করে জানান, ঘটনার দিন কাজের প্রচণ্ড ব্যস্ততার কারণেই এজাহারে ভুলবশত ৩০৪ ধারাটি বাদ পড়ে যায়। তবে পরদিনই তা যুক্ত করার আবেদন করা হয়েছিল। এছাড়া প্রাথমিক এজাহারে বাদ পড়া রিসোর্টের আরেক মালিক নেওয়াজ মোরশেদের নামও পরবর্তীতে অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার নয় দিন অতিবাহিত হলেও রিসোর্টের অন্যতম মালিক মো. তানভীর সুলতান মিয়াসহ প্রধান তিন আসামি এখনো গ্রেপ্তার হননি। তবে পুলিশ রিসোর্টের সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। জানা গেছে, সোমবার বিকেল পর্যন্ত রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়নি এবং মঙ্গলবার শুনানি হতে পারে। বর্তমানে জাহিদ হোসেন কক্সবাজার জেলা কারাগারে বন্দি রয়েছেন।

