পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত সাম্প্রতিক বক্তব্যের আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর অবস্থান বোঝাতেই তিনি শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহার করেছিলেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকেই শাস্তি দেওয়ার উদ্দেশ্যে এই মন্তব্য করা হয়নি।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানায়, সকালে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের চকবাজার ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন অনুষ্ঠানে আইজিপির দেওয়া বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ ও শিরোনাম তাদের দৃষ্টিগোচর হয়েছে। এর আগে সকালে ওই অনুষ্ঠানে আইজিপি বলেছিলেন, যেখানে ক্রসফায়ার প্রয়োজন হবে এবং সরকার অনুমতি দেবে, পুলিশ সেখানে সেটাই করবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কে আসবে, আপা কবে আসবে কিংবা কী পরিস্থিতি তৈরি হবে—তা দেখা আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়; আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াটাই তাদের মূল দায়িত্ব।
উদ্ভুদ পরিস্থিতির পর্যালোচনায় পুলিশ সদর দপ্তর উল্লেখ করে, রাষ্ট্রের প্রধান আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে অপরাধ দমন, আসামি গ্রেপ্তার, জনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা দেওয়া পুলিশের মৌলিক কাজ। তবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রায়শই পুলিশ সদস্যদের সংগঠিত হামলাকারী, সশস্ত্র অপরাধী ও আইন অমান্যকারীদের মুখোমুখি হতে হয়। পরিসংখ্যান তুলে ধরে বার্তায় বলা হয়, ২০২৬ সালের প্রথম ১০ মাসে দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর ১৭৬টি আক্রমণের ঘটনা ঘটেছে। এসব হামলায় চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৩৭০ জন।
আইনি সুরক্ষার বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে সদর দপ্তর জানায়, দণ্ডবিধি-১৮৬০, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮ এবং পুলিশ অ্যাক্ট-১৮৬১ অনুযায়ী পুলিশ সদস্যদের আত্মরক্ষার স্পষ্ট আইনি অধিকার রয়েছে। মূলত মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং জননিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে পুলিশের কঠোর ও অনমনীয় অবস্থান প্রকাশ করতেই আইজিপি ওই পরিভাষাটি ব্যবহার করেছিলেন।
এ ছাড়া একই অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যামূলক বক্তব্য দিয়েছে সদর দপ্তর। সেখানে বলা হয়, গণমাধ্যমকর্মীদের সম্পর্কে ঢালাও কোনো মন্তব্য করার উদ্দেশ্য আইজিপির ছিল না এবং অনাকাঙ্ক্ষিত মন্তব্যটি অসাবধানতাবশত ঘটে গেছে। পুলিশ সদর দপ্তর পুনরায় নিশ্চিত করেছে যে, মানবাধিকার সমুন্নত রাখা, পেশাদারত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।

