জাপান-বাংলাদেশ মৈত্রী লীগের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বিকেল ৩টায় মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি এই সাক্ষাতে অংশ নেয়। বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন নিশ্চিত করেছেন।

সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে অবদান রাখায় তারো আসোকে ধন্যবাদ জানান। এ সময় তিনি ২০০৬ সালে নিজের জাপান সফরের স্মৃতিচারণ করে জানান যে, সে সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারো আসোর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পুরনো স্মৃতি তুলে ধরেন। প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন যে, জাপানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তারো আসো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছেন।

বৈঠকে তারো আসো বলেন, বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ এবং বর্তমানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে বিশেষ আগ্রহ দেখাচ্ছে। জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এরই অংশ হিসেবে কিছু আইনি সংস্কারও করা হচ্ছে। এছাড়া শিক্ষা ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তিনি তুলে ধরেন।

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তরে তারো আসোর ব্যক্তিগত সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জাপানের পক্ষে তারো আসোর সঙ্গে ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিসহ সংসদের জ্যেষ্ঠ সদস্যরা।