আমু-দীপু মনিসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ চলতি সপ্তাহেই

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও ডা. দীপু মনিসহ সাতজন শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে চলতি সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। দীর্ঘ এক মাস বিদেশ সফর শেষে ফিরে তিনি প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলার অগ্রগতির কথা তুলে ধরেন।

চিফ প্রসিকিউটর জানান, অভিযুক্ত সাত নেতার বিরুদ্ধে তদন্ত সংস্থা ইতিমধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রসিকিউশন তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ প্রস্তুত করেছে যা চলতি সপ্তাহের মধ্যেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের মধ্যে রয়েছে সুপিরিয়র রেসপনসিবিলিটি বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়, কারফিউ জারির সিদ্ধান্ত, নীতিনির্ধারণী বৈঠক এবং আন্দোলন দমনে হত্যাকাণ্ডের সামগ্রিক পরিকল্পনা। অভিযুক্ত সাতজন হলেন আমির হোসেন আমু, ডা. দীপু মনি, শাজাহান খান, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, ড. আবদুর রাজ্জাক, মির্জা আজম এবং তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

একই সঙ্গে মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনও প্রসিকিউশনের হাতে এসেছে এবং এর ফরমাল চার্জও প্রস্তুত করা হয়েছে। ওই মামলাটিও চলতি সপ্তাহেই ট্রাইব্যুনালে দাখিল করা হবে, যেখানে সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ অন্যরা আসামি রয়েছেন। এছাড়া আরও তিনটি মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই চলছে, যা আগামী ১০ দিনের মধ্যে দাখিল করা হবে বলে চিফ প্রসিকিউটর জানিয়েছেন।

অন্য এক প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিষয়ে কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ ওবায়দুল কাদেরসহ সাতজনের মামলার রায় ঘোষণার পর ওই আইনজীবীরা ট্রাইব্যুনাল নিয়ে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করেছিলেন। সাধারণত ট্রাইব্যুনাল এসব বিষয় আমলে না নেয়ার চেষ্টা করলেও প্র্যাকটিসিং আইনজীবীদের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করে তাদের তলব করা হয়। শুনানিতে তাদের আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী জানান, বিতর্কিত পোস্টটি ইতিমধ্যে মুছে ফেলা হয়েছে। একই সঙ্গে ঘটনাটির জন্য ভুল স্বীকার করে মৌখিকভাবে দুঃখ প্রকাশ ও ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়েছে। সংশ্লিষ্ট আইনজীবীরা লিখিত জবাব দেওয়ার জন্য সময় আবেদন করায় ট্রাইব্যুনাল আগামী ২৫শে জানুয়ারি পর্যন্ত আদালত অবমাননার কার্যক্রম মুলতবি করেছেন। আগামী ২৫ জানুয়ারি তাদের লিখিত বক্তব্য পর্যালোচনা করে ট্রাইব্যুনাল এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।