গুলশানের কিং ফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, বিপুল অ্যালকোহল জব্দ

রাজধানীর গুলশানে অবস্থিত কিং ফিশার রেস্টুরেন্ট লিমিটেডে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত একটি দল। রোববার ২৫ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের ৩৩ নম্বর প্লট ও ৪৫ নম্বর রোডের এই রেস্টুরেন্টে অভিযানটি পরিচালিত হয়। প্রায় তিন ঘণ্টা স্থায়ী এই অভিযানে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই মজুত রাখা বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করা হয়েছে। সোমবার ২৬ অক্টোবর এনবিআরের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবৈধ উৎস থেকে সংগ্রহ করা অ্যালকোহল মজুত ও বিক্রির মাধ্যমে শুল্ক ও কর ফাঁকি দেওয়া হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল চোরাচালান বা অবৈধ মাধ্যমে সংগৃহীত অ্যালকোহলের মজুত শনাক্ত করা, ভ্যাট ফাঁকির বিষয়টি যাচাই করা, বিক্রয়লব্ধ অর্থের হিসাব আয়কর নথিতে যথাযথভাবে প্রদর্শন করা হয়েছে কি না তা দেখা এবং লেনদেনে অর্থপাচারের কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা।

অভিযানটি এনবিআরের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে অংশ নেয় সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভিএআইআইডি)। এছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন (এসআরবি-১) পুরো অভিযানে সার্বক্ষণিক সহায়তা প্রদান করে।

কাস্টমস আইন ২০২৩, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং আয়কর আইন ২০২৩-এর প্রদত্ত ক্ষমতাবলে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে এনবিআর জানিয়েছে। জব্দ করা অ্যালকোহলের সঠিক পরিমাণ, প্রাথমিক অনুসন্ধানের প্রাপ্ত তথ্য, সম্ভাব্য শুল্ক-কর ফাঁকির হিসাব এবং পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।