নির্বাসন কাটিয়ে ভেনেজুয়েলায় ফিরলেন বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো

১০ মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাসন জীবনের ইতি টেনে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন দেশটির অন্যতম বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। রোববার তার দেশে ফেরার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ভেনেজুয়েলার রাজনৈতিক পরিস্থিতি চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে কয়েকবার দেশে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন তিনি। এবার সফলভাবে ফিরে আসার পর মাচাদো সরাসরি তার সমর্থকদের সঙ্গে দেখা করেছেন।

মাচাদোর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে তার ঘনিষ্ঠ মিত্র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ জানিয়েছেন, এটি ভেনেজুয়েলার জনগণের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। গঞ্জালেজ এক বিবৃতিতে বলেন, আমাদের নেতা এবং আমার প্রিয় মারিয়া কোরিনা ভেনেজুয়েলার মাটিতে ফিরে এসেছেন। তিনি আরও যোগ করেন, আমাদের সার্বভৌম কণ্ঠ আবার ফিরে এসেছে, যারা এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে এবং পথ দেখাবে। দেশের স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যেতে তিনি শিগগিরই মাচাদোর সঙ্গে যোগ দেবেন বলেও জানিয়েছেন গঞ্জালেজ।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাচাদো নিজেই তার ফেরার বার্তা দিয়ে লিখেছেন, আমি এখানে। আপনাদের সঙ্গে। লারা প্রদেশের একটি গির্জায় তাকে প্রার্থনায় অংশ নিতে দেখা যায়, যেখানে সমর্থকরা তাকে ঘিরে ধরেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান। কেউ তাকে জড়িয়ে ধরেন, কেউ হাত ধরে শুভেচ্ছা জানান। পরে উচ্ছ্বসিত সমর্থকদের একটি বহর নিয়ে তিনি রাজধানী কারাকাসের উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাপথেও বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানানো হয়।

এর আগে গত সেপ্টেম্বরে মাচাদোর এক উপদেষ্টা জানিয়েছিলেন, সে সময় কয়েক সপ্তাহের ব্যবধানে তিনি সাতবার ভেনেজুয়েলায় ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই তাকে বাধা দেওয়া হয়। তার দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও ওয়াশিংটন সেই অভিযোগ অস্বীকার করেছে। মাচাদোর দেশে ফেরার বিষয়টি ট্রাম্প প্রশাসনের অনুমোদনের ওপর নির্ভরশীল ছিল বলে ধারণা করা হচ্ছে এবং এবার সেই অনুমোদন পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। যদিও দেশে ফেরার পর তার পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনো স্পষ্ট নয়, তবে তিনি অতীতে ঘোষণা দিয়েছিলেন যে, আবার নির্বাচন হলে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৮: ৫৯আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৯: ০০