যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে রোববার কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নেই তার। মিশিগানে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তেহরানে কোনো হামলা চালানো হবে কিনা—এমন প্রশ্নের সরাসরি জবাবে ট্রাম্প বলেন, না, কোনো হামলা হবে না।
এর আগে দিনের প্রথম ভাগে ফক্স নিউজের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরানকে নিয়ে একটি আলটিমেটাম দিয়েছিলেন। সেখানে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো হবে নাকি দেশটিকে পুরোপুরি নির্মূল করা হবে—এখন সেটাই মূল প্রশ্ন। একই সঙ্গে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করে তিনি বলেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরান সেখান থেকে কিছুই পাচ্ছে না।
এর আগে শনিবার (২৪ অক্টোবর) ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনা কিংবা কোনো চুক্তিতে পৌঁছানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে তেহরান কোনো প্রতিশ্রুতি রক্ষা করবে কি না, তা নিয়ে তিনি সে সময় সংশয় প্রকাশ করেছিলেন। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে মিলে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে জুনে দুই দেশের মধ্যে স্বল্প সময়ের জন্য যুদ্ধবিরতি কার্যকর হলেও তা স্থায়ী হয়নি। নভেম্বরের শুরুর দিকে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প এই হামলা না চালানোর ঘোষণা দিলেন।

