ইউরোপের ডেনিম বাজারে শীর্ষস্থান ধরে রাখল বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পোশাক রপ্তানিতে বাংলাদেশ তার শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তবে চলতি বছরের প্রথম আট মাসে (জানুয়ারি–আগস্ট) বাংলাদেশের ডেনিম রপ্তানিতে কিছুটা ভাটা পড়েছে। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে বাংলাদেশ ৮৭ কোটি ইউরোর ডেনিম রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৮৫ শতাংশ কম। বর্তমানে ইইউর ডেনিম বাজারে বাংলাদেশের হিস্যা ২৯ দশমিক ৪০ শতাংশ।

ইইউর পরিসংখ্যান অনুযায়ী, আলোচ্য সময়ে বিশ্ব থেকে ইইউর ডেনিম পোশাক আমদানি ৪ দশমিক ৪০ শতাংশ কমে ২৯৫ কোটি ইউরোতে দাঁড়িয়েছে। সামগ্রিক বাজারের তুলনায় বাংলাদেশের রপ্তানি কমার হার কিছুটা বেশি। তবে আগস্ট মাসে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে; ওই মাসে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩ কোটি ৪১ লাখ ইউরো হয়েছে। একই সময়ে ইইউর সামগ্রিক ডেনিম আমদানি ১১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৪৩ কোটি ইউরো হয়েছে।

তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে পাকিস্তান, যাদের বাজার হিস্যা ১৭ দশমিক ৭৮ শতাংশ। পাকিস্তানের রপ্তানি ৭ দশমিক ৮৮ শতাংশ কমে ৫৩ কোটি ইউরো হয়েছে। তুরস্ক ও তিউনিসিয়া যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে। তুরস্কের রপ্তানি ২১ শতাংশ কমে ৪৪ কোটি ইউরো এবং তিউনিসিয়ার রপ্তানি ৬ দশমিক ৪৪ শতাংশ কমে ২২ কোটি ইউরোতে নেমেছে।

তবে বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলো দ্রুত তাদের রপ্তানি বাড়াচ্ছে। চলতি বছরের প্রথম আট মাসে ভিয়েতনামের রপ্তানি ৪৫ শতাংশ, চীনের ১৭ দশমিক ৭০ শতাংশ এবং মিসরের রপ্তানি ৩১ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। এছাড়া ভারতের রপ্তানি প্রবৃদ্ধি ১৮ দশমিক ৬২ শতাংশ। চীন ও মিসর বর্তমানে বাজারের ৬ দশমিক ৬৭ শতাংশ করে হিস্যা দখল করে আছে। আগস্ট মাসের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রপ্তানি প্রায় ১৫ শতাংশ বেড়েছে, তুরস্কের রপ্তানি ১৩ শতাংশ কমলেও তিউনিসিয়ার বেড়েছে সাড়ে ৫ শতাংশ। এছাড়া আগস্টে চীনের রপ্তানি বেড়েছে প্রায় সাড়ে ১৭ শতাংশ, মিসরের সাড়ে ৫৯ শতাংশ, কম্বোডিয়ার ১১ শতাংশ, ভিয়েতনামের ৫৬ শতাংশ এবং ভারতের ৫২ শতাংশ।

তালিকায় এর পরের অবস্থানে থাকা কম্বোডিয়া ও মরক্কোর ডেনিম রপ্তানি যথাক্রমে ৬ দশমিক ৪৭ শতাংশ ও ১৪ দশমিক ৪৮ শতাংশ কমেছে। চলতি বছরের প্রথম আট মাসে কম্বোডিয়া ১৪ কোটি ইউরো ও মরক্কো ৬ কোটি ইউরোর ডেনিম রপ্তানি করেছে। ভিয়েতনাম রপ্তানি করেছে ৫ কোটি ইউরো এবং ভারত করেছে ৩ কোটি ইউরো।

বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ ডেনিম এক্সপার্টের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, বছরের প্রথম পাঁচ মাসে ক্রয়াদেশের সংকট থাকলেও পরের তিন মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, যার ফলে রপ্তানি কমার হার কমে আসছে। তিনি বলেন, উৎপাদন ব্যয় বৃদ্ধি, গ্যাস–বিদ্যুতের উচ্চমূল্য এবং পণ্যের বৈচিত্র্যের অভাব আমাদের প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে দিচ্ছে। এছাড়া ভিয়েতনাম ও ভারতের মতো দেশগুলো মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সুবিধা পাওয়ায় ক্রেতাদের আগ্রহ বাড়ছে। এলডিসি উত্তরণের পর জিএসপি সুবিধা হারানো সাপেক্ষে আমাদেরও এফটিএ করার মতো কার্যকর উদ্যোগ নিতে হবে।