সাংবাদিকদের পেটানোর হুমকি: এনায়েতুল্লাহ আব্বাসিকে লিগ্যাল নোটিশ

সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্য এবং তাদের পেটানোর হুমকির ঘটনায় ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। গণমাধ্যম কর্মী আজহারুল ইসলাম সুজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম রবিবার তাকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, গত ১৯শে অক্টোবর চাঁদপুর জেলার মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে এনায়েতুল্লাহ আব্বাসি সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওই মাহফিলে তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।’ তিনি আরও অভিযোগ করেন যে, সাংবাদিকরা বিদেশি ইন্টিলিজেন্স ব্রাঞ্চের পয়সায় চলে এবং তারা বাংলাদেশ ভালো হোক তা চায় না। এছাড়া, ইতিবাচক সংবাদ প্রচার না করে সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা করছে বলেও তিনি মন্তব্য করেন।

আইনি নোটিশে দাবি করা হয়েছে, এনায়েতুল্লাহ আব্বাসির এই বক্তব্য সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের জন্য চরম অবজ্ঞামূলক, মানহানিকর এবং নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তিনি নিজে এবং তার অনুসারিদের মাধ্যমে সাংবাদিকদের পেটানোর যে হুমকি দিয়েছেন, তা সাংবাদিকতার জন্য একটি ভীতিকর পরিবেশ তৈরি করেছে।

এনায়েতুল্লাহ আব্বাসিকে নোটিশ প্রাপ্তির পরবর্তী ৭ দিনের মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায়, সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য প্রদান, হামলার হুমকি এবং উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।