ভিউ ও আয়ের আশায় ফেসবুকে সাজানো সহিংসতার ভিডিও, বিভ্রান্ত দর্শক

রাজধানীর কারওয়ান বাজারের এক সবজি বিক্রেতার কাছ থেকে টিয়া রঙের কোটি পরা এক যুবক হুমকি দিয়ে চাঁদা দাবি করছেন—‘হয় টাকা দিবি, না হয় দোকান উঠাবি।’ দোকান মাত্র খোলায় পরে টাকা দেওয়ার অনুরোধ জানান বিক্রেতা। কিন্তু হঠাৎ করেই কোটি পরা যুবকটি সবজি বিক্রেতার মুখে সজোরে থাপ্পড় বসিয়ে দেন। ঠিক সেই মুহূর্তে হাফহাতা শার্ট পরা অন্য এক যুবক এগিয়ে এসে থাপ্পড় মারার কারণ জানতে চান। জবাব না পেয়ে কোটি পরা যুবককে পরপর ১১টি থাপ্পড় মারেন তিনি। ততক্ষণে আশপাশে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

গত ১৫ অক্টোবর ‘রিস্টার্ট ৪২০ শর্টস’ নামের একটি ফেসবুক পেজে ‘কারওয়ান বাজারে চাঁদাবাজি, ভোগান্তিতে সাধারণ ব্যবসায়ীরা’ ক্যাপশনে ভিডিওটি প্রকাশ করা হয়। পোস্ট করার পরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে এবং ১২ লাখেরও বেশিবার দেখা হয়। মন্তব্য পড়ে এক হাজারের বেশি, যার অধিকাংশেই হাফহাতা শার্ট পরা ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন নেটিজেনরা। সাকিব হাসান নামে একজন লেখেন, ‘মাইর কম হয়েছে।’ জামালউদ্দিন কানু লেখেন, ‘এভাবেই প্রতিবাদ করতে হবে।’ আর নাসরীন সুলতানা নামের এক নারী মন্তব্যে লেখেন, ‘প্রতিটি চাঁদাবাজকে এভাবেই বিচার করা উচিত।’

বাস্তবে এটি কারওয়ান বাজারের সত্যিকারের কোনো চাঁদাবাজির ঘটনা ছিল না, পুরো বিষয়টিই ছিল একটি সাজানো নাটক। যে সবজি দোকানে এটি চিত্রায়িত হয়, তার মালিক শাহাবুদ্দিন ১৭ অক্টোবর জানান, কিছুদিন আগে কয়েকজন এসে সচেতনতামূলক ভিডিও বানানোর কথা বলে দোকানে বসেন। পরে তাঁরা চড়-থাপ্পড় ও মারামারি শুরু করেন। এরপর কী ঘটেছে সে বিষয়ে তিনি আর কিছুই জানেন না।

অনুসন্ধানে দেখা গেছে, ‘রিস্টার্ট ৪২০ শর্টস’ পেজটিতে প্রায়ই রিকশাচালক বা দোকানদারকে থাপড়ানো, তৃতীয় লিঙ্গের মানুষকে মারধর, চাঁদাবাজকে ধরে পেটানো কিংবা লাঠি হাতে ভয় দেখানোর মতো নানা ভিডিও প্রকাশ করা হয়। এসব ভিডিও বাস্তব ঘটনার আদলে উপস্থাপন করা হলেও সবই পুরোপুরি সাজানো। কেবল এই পেজই নয়, ‘ফাইব ব্রাদার ২.০’ ও ‘চিটাগং জুয়েল ০০১’-এর মতো আরও বেশ কয়েকটি পেজ থেকে একই ধরনের সাজানো কনটেন্ট তৈরি করা হচ্ছে। এতে সাধারণ দর্শকেরা বিভ্রান্ত হচ্ছেন এবং সমাজে অপতথ্য ছড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী এটিকে এক ধরনের প্রতারণা হিসেবে দেখছেন। তিনি জানান, মনিটাইজেশন থেকে টাকা আয় করার উদ্দেশ্যে এসব কনটেন্ট তৈরি করা হয়। পর্যাপ্ত স্বচ্ছতা না থাকায় কনটেক্সট ছাড়া এগুলো প্রচারের পথ উন্মুক্ত হয়। এই অ্যাটেনশন ইকোনমিতে মানুষের মনোযোগ ধরে রেখে তা বিক্রি করার যে ব্যবস্থা গড়ে উঠেছে, তা প্ল্যাটফর্মগুলোকে চালিত করছে। আইনি পদক্ষেপের মাধ্যমে এটি ঠেকানো কঠিন হলেও এ জাতীয় কনটেন্ট উন্মোচন করা এবং প্ল্যাটফর্মগুলোর মনিটাইজেশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন।

‘রিস্টার্ট ৪২০ শর্টস’ নামের এই কনটেন্ট দলের প্রধান বা টিম লিডার রিপন মৃধা। তাঁর সঙ্গে কাজ করেন জামাল হোসেন বনী, মো. সবুজ, মো. সম্রাট, শাওন ও আজিজুল নামের আরও ছয়জন। তাঁরা সবাই বসুন্ধরা এলাকায় বসবাস করেন এবং বিভিন্ন পেশায় যুক্ত। রিপন মৃধার দাবি, রাস্তাঘাটের নানা অসংগতি অভিনয়ের মাধ্যমে তুলে ধরে সচেতনতা তৈরি করাই তাঁদের মূল লক্ষ্য। চাঁদাবাজি, ছিনতাই বা অনিয়মের প্রতিবাদ কীভাবে করতে হয়, সেই বার্তাই তাঁরা ভিডিওতে দিয়ে থাকেন। সাধারণ ভিডিও দর্শক দেখতে চায় না বলেই নাটকে আকর্ষণ বাড়াতে শুরুতেই থাপ্পড় ব্যবহার করা হয় বলে তিনি স্বীকার করেন।

চলতি শনিবার বিকেল পর্যন্ত পেজটির ফেসবুক অনুসারী ছিল ৭ লাখ ৮২ হাজার এবং ইউটিউব চ্যানেলে গ্রাহক ছিল ৬ লাখ ২০ হাজার। দুই অ্যাকাউন্টে অন্তত ৩০০টি ভিডিও রয়েছে, যার প্রতিটিই শুরু হয় থাপ্পড় দিয়ে। একটি ভিডিও ফেসবুকে প্রায় ২ কোটি ৭০ লাখ বার দেখা হয়েছে। কাঁচাবাজার, ফুটপাত, শপিংমল বা দোকানের ভেতরে এসব মারামারির দৃশ্য চিত্রধারণ করা হয়, যা দেখে বাস্তব ভেবে আশপাশে মানুষ জমে যায়।

তাঁদের অন্য একটি ভিডিওতে দেখা যায়, সালোয়ার-কামিজ পরা এক হিজড়া সদস্য টাকা চাইলে এক ব্যক্তি তাঁকে মারধর করে বলছেন, ‘তোদের জন্য দেশটা নষ্ট হয়ে গেছে।’ ক্যাপশনে লেখা হয়, ‘হিজড়াদের নোংরামি দিন দিন বেড়েই যাচ্ছে।’ আরেকটি ভিডিওতে রাস্তায় বসে থাকা এক পাগলের গায়ে বালতি দিয়ে পানি ঢালার পর অন্য এক সদস্য এসে পানি ঢালুকারীকে থাপড়িয়ে মাফ চাইতে বাধ্য করেন। এসব দৃশ্যে অভিনয়ের কথা স্পষ্টভাবে ক্যাপশনে উল্লেখ না থাকায় সাধারণ মানুষ আসল ঘটনা ভেবে ভুল বোঝেন।

২০২৪ সালে রসাত্মক কনটেন্ট দিয়ে শুরু করলেও সাড়া না পেয়ে থাপ্পড় ও হট্টগোলের ভিডিও বানানো শুরু করে দলটি। এতে প্রচুর ভিউ মিলতে থাকে। এসব ভিডিওর কারণে সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমও বিভ্রান্ত হয়েছে। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এমন একটি ভিডিওকে সত্য ভেবে সম্প্রচার করেছিল, পরবর্তীতে তা সাজানো বুঝতে পেরে পেজ থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর থেকে ভিডিওগুলো যে সাজানো, তা বোঝাতে তারা লাইভে এসে ব্যাখ্যা দিয়েছে বলে জানান রিপন মৃধা।

তবে প্রকাশ্যে এমন সহিংস ভিডিও তৈরিকে উসকানিমূলক এবং আইনি অপরাধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী বিষয়টিকে ‘ম্যাজিক বুলেট থিওরি’র সঙ্গে তুলনা করে বলেন, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা দেখালে তা মানুষের মনে সচেতন বা অবচেতনভাবে নেতিবাচক প্রভাব ফেলে। ভিউ ব্যবসার জন্য এভাবে সাজানো মারামারির ভিডিও আসল হিসেবে উপস্থাপন করা স্পষ্ট প্রতারণা।

আর মন্তব্য পড়েছে ৫ হাজার ৪০০।ভিডিওগুলো কাঁচামালের বাজারে, রাস্তার পাশে, শপিংমলের সামনে ও ফুটপাতে ধারণ করা।