রাষ্ট্রদূতকে ফেরত আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে না রেখে ঢাকায় রাখার সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের ঠিক আগে তাকে সেখান থেকে সরানোর বিষয়টি মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

শনিবার রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সামনে রেখে আয়োজিত এক জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদমাধ্যমের সামনে শামা ওবায়েদ বলেন, এই পদক্ষেপ কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়। কাকে কখন ডেকে পাঠানো হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত ও এটি একটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর।

প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বিভিন্ন উদীয়মান খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ রয়েছে। সফরে দুই দেশের মধ্যে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, তৈরি পোশাক, শিক্ষা ও স্বাস্থ্যখাতের বৈচিত্র্যময় বিষয়ে একাধিক সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সফর জাপানি নতুন বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।