ফেনীর সোনাগাজী উপজেলা তাঁতী দলের সদস্যসচিব মো. আবদুল্লাহ আল আমিনকে (৩০) নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১২টার দিকে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া ভাঙার তাকিয়া এলাকার একটি ঝোপ থেকে পুলিশ তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য দ্রুত ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে ওই এলাকায় ঝোপের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় আল আমিনকে উদ্ধার করে। এর আগে তার নিখোঁজের ঘটনায় শুক্রবার দুপুরে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার চাচি কামরুন নাহার।
পরিবারের তথ্যমতে, গত বুধবার (২১ অক্টোবর) বিকেলে সোনাগাজীর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আল আমিন আর ফেরেননি। ওইদিন রাত ১০টার দিকে তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। আল আমিন সোনাগাজীর উত্তর মঙ্গলকান্দি এলাকার আলী আজ্জম মৃধা বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে।
তার চাচা আবদুল হক নোমান জানান, পুলিশ তাদের খবর দেওয়ার পর তারা হাসপাতালে ছুটে গেছেন। তিনি জানান, আল আমিনের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে এবং তিনি কথা বলার মতো অবস্থায় নেই। সুস্থ হওয়ার পর ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আল আমিনের বিরুদ্ধে ২১টি মামলা হয়েছিল এবং একটি মামলায় তার আট বছরের কারাদণ্ড হয়, যার জেরে তার পারিবারিক জীবনেও সংকট তৈরি হয়েছিল।
উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আবদুল হক নোমান ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়ম মুমিদ রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত ও কাজ করছে।
