যুক্তরাজ্য সরকারের প্যালেস্টাইন অ্যাকশন গোষ্ঠীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন চার শতাধিক মানুষ। আগামী ৩১ অক্টোবর এই কর্মসূচির মাধ্যমে নিষেধাজ্ঞা অমান্য করেই নিজেদের প্রতিবাদ জানানোর পরিকল্পনা করেছেন অংশগ্রহণকারীরা। একই দিন স্কটল্যান্ডের এডিনবরায় অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনেও একই ধরনের কর্মসূচি পালিত হওয়ার কথা রয়েছে।
বিক্ষোভকারীরা তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করবেন, যেখানে লেখা থাকবে, ‘আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।’ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ জানিয়েছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে এটি তাদের সর্বশেষ গণপ্রতিবাদ।
উল্লেখ্য, যুক্তরাজ্য সরকার ২০২৫ সালের জুলাই মাসে প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। ‘ডিফেন্ড আওয়ার জুরিস’-এর তথ্যমতে, এই ঘোষণার পর থেকে গোষ্ঠীটিকে প্রকাশ্যে সমর্থন জানানোর অভিযোগে এখন পর্যন্ত তিন হাজার ৮৫০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
আসন্ন এই বিক্ষোভের সময়টি বেশ তাৎপর্যপূর্ণ। গত জুন মাসে যুক্তরাজ্যের আপিল আদালত সরকারের পক্ষে রায় দিয়ে হাইকোর্টের আগের একটি সিদ্ধান্ত বাতিল করেছিলেন। হাইকোর্টের সেই রায়ে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বেআইনি বলে উল্লেখ করা হয়েছিল। বর্তমানে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছেন গোষ্ঠীটির সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি। আগামী ৪ ও ৫ নভেম্বর যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে এই আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।
