যুক্তরাষ্ট্রের আগামী মাসের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ডেমোক্র্যাটরা। একই সঙ্গে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আশা দেখছে দলটি। ক্ষমতা পেলে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিত্যপণ্য ও জ্বালানির দাম কমানো, স্বাস্থ্যসেবায় সরকারি সহায়তা পুনর্বহাল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি পরিবর্তন এবং ইরান যুদ্ধ বন্ধের মতো বিষয়গুলোতে দ্রুত পদক্ষেপ নিতে চায় ডেমোক্র্যাট নেতৃত্ব।
কয়েক মাস ধরেই ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয়সংকটের জন্য রিপাবলিকানদের ব্যর্থ নীতিকে দায়ী করে আসছেন। তারা মুদি পণ্য, জ্বালানি ও স্বাস্থ্যসেবার ব্যয় কমানোর পাশাপাশি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জবাবদিহি নিশ্চিত করার কথা বলছেন। তবে ট্রাম্পকে অভিশংসনের বিষয়ে তারা এখন পর্যন্ত স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি।
নির্বাচনে জয়ী হলে দায়িত্ব নেওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিনিধি পরিষদে দ্রুত আইন পাসের পরিকল্পনা রয়েছে দলটির। এর মধ্যে স্বাস্থ্যবিমায় ভর্তুকি ও মেডিকেইড কর্মসূচির অর্থায়ন পুনর্বহাল এবং ট্রাম্পের শুল্কনীতি ও ইরান যুদ্ধের অবসানে পদক্ষেপ নেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে দলটির নেতা হাকিম জেফরিস এসব বিল পাসের উদ্যোগ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘ কমিটি-পর্যালোচনা ছাড়াই বিলগুলো সরাসরি প্রতিনিধি পরিষদে তোলার সম্ভাবনা রয়েছে।
তবে এসব পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখা দিচ্ছে সিনেটে রিপাবলিকানদের আইন আটকে দেওয়ার ক্ষমতা। কোনো গুরুত্বপূর্ণ আইন পাসের জন্য সিনেটে অন্তত ৬০ জনের সমর্থন প্রয়োজন, যা অর্জন করা ডেমোক্র্যাটদের জন্য কঠিন। এছাড়া ট্রাম্পের ভেটো দেওয়ার ক্ষমতা এবং প্রশাসনের পক্ষ থেকে তথ্য দেওয়ার অস্বীকৃতিও ডেমোক্র্যাটদের নজরদারি কার্যক্রমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
হাওয়াইয়ের সিনেটর ব্রায়ান শাটজ মনে করেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় দূরদর্শী প্রগতিশীল আইন পাস করা কঠিন হলেও, ক্ষমতা পেলে তারা অন্তত কিছু ক্ষেত্রে তার বিতর্কিত সিদ্ধান্ত বদলানো বা তার গতি কমিয়ে দেওয়ার সুযোগ পাবেন। ডেমোক্র্যাটদের এই পরিকল্পনা ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রাজনৈতিক আলোচনাকেও প্রভাবিত করবে বলে দলটির নেতারা আশা করছেন।
