সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের অব্যাহত হামলার ঘটনায় আবারও কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে সরকারের এই অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়। বিবৃতিতে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে এই হামলা চালানো হয়। হামলায় একজন ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে সংবাদমাধ্যমে উঠে এসেছে। এছাড়া আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি এবং এক নেপালি নাগরিক রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা বর্তমানে বেশ আশঙ্কাজনক।
আহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আহত এই দুই বাংলাদেশি বর্তমানে দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগেও গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছিলেন। ওই ঘটনায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ শুক্রবার দেশে এসে পৌঁছেছে।
বিবৃতিতে বলা হয়, দাম্মামের বিমানবন্দরসহ সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ। দাম্মামে হতাহতের ঘটনা ঘটেছে এবং আহত হয়েছেন ২ বাংলাদেশি।
আহতদের মধ্যে ২ বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।
