পার্বত্য চট্টগ্রামের সাজেক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাবেষ্টনীতে খাগড়াছড়িতে ফিরে আসার পথে সড়ক অবরোধকারীদের বাধা ও হঠাৎ গোলাগুলির মুখে পড়তে হয়েছে শতাধিক পর্যটকবাহী যানবাহনকে। গত বৃহস্পতিবার বাঘাইছড়ির উজো বাজার এলাকায় ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মাঝে। আতঙ্কের স্মৃতি পেরিয়ে নিরাপদে খাগড়াছড়ি শহরে পৌঁছালেও সেই ভয়ের রেশ এখনো কাটিয়ে উঠতে পারেননি অনেকে।
নারায়ণগঞ্জ থেকে প্রথমবারের মতো দুই শিশুসন্তান, বয়স্ক মা-বাবা এবং শ্বশুর-শাশুড়িসহ ১৯ জনের বিশাল পরিবার নিয়ে পার্বত্য চট্টগ্রামে ঘুরতে এসেছিলেন পর্যটক মোহাম্মদ নাঈম। সাজেকে অবস্থানকালেই সড়ক অবরোধের খবর পান তাঁরা। তিনি জানান, ফেরার পথজুড়ে প্রতি মুহূর্ত কেটেছে উৎকণ্ঠায়। অবরোধকারীরা গাড়ি আটকে দেওয়ার পর হঠাৎ শুরু হওয়া পরিস্থিতিতে মনে হচ্ছিল মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আগে থেকে এমন পরিস্তিতির কথা জানা থাকলে জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকায় আসতে না বলেও আফসোস প্রকাশ করেন এই পর্যটক।
একইভাবে আতঙ্কের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন ঢাকার উত্তরা থেকে আসা পর্যটক রাশেদ আহম্মেদ। তাঁর শুক্রবার সকালে ফেরার কথা থাকলেও বুধবার সন্ধ্যায় কংলাক পাহাড় থেকে নামার সময় অবরোধের খবর শোনেন। কটেজ কর্তৃপক্ষ পরদিন সকাল আটটার মধ্যে রুম ছেড়ে নিরাপত্তা বাহিনীর পাহারায় খাগড়াছড়ি যেতে নির্দেশ দেয়। বৃহস্পতিবার সকালে রওনা হয়ে সকাল নয়টার দিকে উজো বাজার এলাকায় প্রায় আধা ঘণ্টা আটকে থাকতে হয় তাঁদের। রাশেদ জানান, আটকে থাকার সময় হঠাৎ গুলির শব্দ শুনে গাড়িতে থাকা শিশুরা কান্নাকাটি শুরু করে। গাড়ি লক্ষ্য করে ঢিলও ছোড়া হয়। শেষ পর্যন্ত সৃষ্টিকর্তাকে স্মরণ করতে করতে কোনোমতে খাগড়াছড়ি শহরে পৌঁছান তাঁরা।
অন্য এক হোটেলে অবস্থান নেওয়া পর্যটক মাইন উদ্দিন বলেন, গাড়ি আটকে থাকার পর আচমকা গুলির শব্দ শুনে মানুষজনকে ছোটাছুটি করতে দেখা যায়। এতে তাঁদের সঙ্গে থাকা নারীরা ভীষণ আতঙ্কিত হয়ে কান্না শুরু করেন। পরে দোয়া-দরুদ পড়ে দীঘিনালায় পৌঁছান তারা। সেখানে পেছনের দলের অন্য গাড়িটি এসে পৌঁছানোর পর কিছুটা স্বস্তি পান।
সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি সংগঠনের ডাকে বৃহস্পতিবার থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হয়। সামগ্রিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এবং বৃহস্পতিবার বিকেল চারটার মধ্যে সব পর্যটককে সাজেক ছাড়ার নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে। জেলা প্রশাসনের নির্দেশনা মেনে পর্যটকেরা বৃহস্পতিবার সকালে সাজেক ছাড়তে শুরু করলে প্রায় ২ হাজার ৯৩৩ জন পর্যটককে আইনশৃঙখলা বাহিনীর পাহারায় নিরাপদে খাগড়াছড়ি শহরে ফিরিয়ে আনা হয়।
পর্যটকবাহী গাড়ি বহর বাঘাইছড়ির উজো বাজার এলাকায় পৌঁছালে সড়ক অবরোধকারীরা তাতে বাধা দেয়। এ সময় সেখানে গোলাগুলির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গাড়ি বহর লক্ষ্য করে গুলি চালিয়েছে, যদিও ইউপিডিএফ এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। অন্যদিকে, জেএসএসের (সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে এই অবরোধ ডাকা হলেও জেএসএস জানিয়েছে, তাদের কোনো সশস্ত্র গোষ্ঠী নেই।
বর্তমানে সাজেকে যানবাহন চলাচল বন্ধ থাকার পাশাপাশি দোকানপাটও বন্ধ রয়েছে এবং পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন আগামী শনিবার রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় আধা বেলা অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
