২০২৬ সালের গ্রীষ্মকালে ইউরোপের বিভিন্ন শহরে ভয়াবহ তাপপ্রবাহের কারণে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন এক গবেষণার তথ্যানুযায়ী, এটি ইউরোপের ইতিহাসে তাপজনিত মৃত্যুর ক্ষেত্রে সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম হতে পারে। গবেষণায় উঠে এসেছে যে, এই মৃত্যুর মধ্যে ৩২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর পেছনে সরাসরি জলবায়ু পরিবর্তনের ভূমিকা রয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দূষণ বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়িয়ে তাপপ্রবাহকে আরও তীব্র করে তুলেছে।
নেচার হেলথ সাময়িকীতে প্রকাশিত দুটি গবেষণাপত্রে এই ফলাফলগুলো তুলে ধরা হয়েছে। গবেষণার অন্যতম লেখক এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজের চরম আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক ক্লেয়ার বার্নস জানান, ইউরোপের বড় একটি অংশে ২০২৬ সালের গ্রীষ্মকাল তাপজনিত মৃত্যুর দিক থেকে রেকর্ডে সবচেয়ে ভয়াবহ হয়ে থাকতে পারে।
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তর্জাতিক নেতারা তুরস্কে সমবেত হওয়ার কয়েক সপ্তাহ আগেই এই ভয়াবহ মৃত্যুর পরিসংখ্যান সামনে এল। এর কয়েক দিন আগেই জাতিসংঘের এক প্রতিবেদনে সতর্ক করা হয় যে, প্রাক্-শিল্প যুগের তুলনায় বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার যে লক্ষ্য ছিল, তা অর্জনের সুযোগ এখন কার্যত শেষ। বার্নস বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাবগুলো ঠেকানোর ক্ষেত্রে বিশ্ব অনেক পিছিয়ে রয়েছে এবং দেশগুলোর মধ্যে সমন্বয় ও দ্রুত পদক্ষেপ নিতে না পারলে পরিস্থিতি ভবিষ্যতে আরও খারাপের দিকে যাবে।
ইউরোপ বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। চরম আবহাওয়ার ঘটনাগুলোর মধ্যে তাপপ্রবাহকেই সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছরের মে মাসের শেষ দিক থেকে আগস্টের শেষ পর্যন্ত নজিরবিহীন উচ্চ তাপমাত্রায় পুড়েছে পুরো মহাদেশ। গবেষণায় দেখা গেছে, পশ্চিম ইউরোপে এ বছর রেকর্ডে সবচেয়ে উষ্ণ গ্রীষ্ম দেখা গেছে, যেখানে তাপমাত্রা ১৯৯১ থেকে ২০২০ সালের গড়ের তুলনায় প্রায় ২.৯ ডিগ্রি সেলসিয়াস বা ৫.২ ডিগ্রি ফারেনহাইট বেশি ছিল। এমনকি কিছু নির্দিষ্ট দেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল।
