গাজা উপত্যকায় সামরিক অভিযানে অংশ নেওয়ার পর মারাত্মক মানসিক সংকটে ভুগে মাত্র এক ঘণ্টার ব্যবধানে আত্মহত্যা করেছেন দুই ইসরাইলি সেনা। হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে সম্প্রতি এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, মৃত দুই সেনার মধ্যে একজন তেলআবিবের উত্তরাঞ্চলীয় নেতানিয়া শহরে মারা যান। অন্যদিকে দ্বিতীয় সেনাসদস্য অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলে আত্মহত্যা করেন। গাজা যুদ্ধে অংশ নেওয়ার পর থেকেই উভয়েই তীব্র মানসিক অবসাদ ও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
গাজায় সেনা অভিযান শুরুর পর থেকে ইসরাইলি সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নথিপত্র অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২১ জন ইসরাইলি সেনার আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। অথচ গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে বছরের একই সময়ে এই সংখ্যাটি ছিল মাত্র ১২।
