বলিউডের এই সময়ের জনপ্রিয় পাওয়ার কাপল বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে হাজির হয়েছিলেন। বিয়ের পর এটাই ছিল তাদের একসঙ্গে প্রথম কোনো শোতে অংশগ্রহণ। সেখানে আড্ডার ছলে এই তারকা দম্পতি তাদের সম্পর্কের বেশ কিছু অজানা ও মিষ্টি তথ্য তুলে ধরেন। শোয়ের প্রোমো ও আড্ডায় উঠে আসে তাদের বিয়ের প্রস্তাব নিয়ে নানা মজার ঘটনা।
অনুষ্ঠানে বিজয় জানান, তিনি রাশমিকা মান্দানাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য ইতালিতে ভ্রমণের পরিকল্পনা করেছিলেন। তবে তার সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি কারণ তিনি মনের মতো আংটি খুঁজে পাননি। শোয়ের সঞ্চালক করণ জোহর যখন বিজয়কে সরাসরি প্রশ্ন করেন যে তিনি আদৌ কোনো প্রস্তাব দিয়েছিলেন কি না, তখন রাশমিকা মাথা নেড়ে জানান যে কোনো প্রস্তাবই আসেনি।
এ সময় বিজয় রহস্য ফাঁস করে বলেন, রাশমিকাই বরং এক বছর ধরে তাকে অন্তত ১০০ বার বলেছেন, ‘চলো আমরা বিয়ে করে নিই!’ রাশমিকা মিষ্টি হেসে বিজয়কে সমর্থন জানান। বিজয় আরও বলেন যে, তিনি সাধারণত ফিল্মি টাইপ রোমান্সে বিশ্বাসী নন, তবে রাশমিকার জীবনের বিশেষ মুহূর্তটি যাতে ফিকে না হয়ে যায়, তা তিনি চেয়েছিলেন।
গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের প্রথম দিন—অর্থাৎ সংগীতের অনুষ্ঠান শেষ হওয়ার পর বন্ধুদের উপস্থিতিতে হাঁটু গেড়ে বসে রাশমিকাকে প্রোপোজ করেছিলেন বিজয়। এছাড়া শোতে অন্য কোনো নায়িকার সঙ্গে কেমিস্ট্রি নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা জানান, বিজয়ের সঙ্গে অন্য কারো কেমিস্ট্রি সেভাবে জমেনি। বিজয়ও মজার ছলে বলেন, বিয়ের প্রথম ও একমাত্র শর্ত হলো স্ত্রীর সব কথা মেনে চলা। ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’ ছবির পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল, যা দীর্ঘ জল্পনার পর বর্তমানে এই তারকা দম্পতির বিয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছে।
