আসামে উচ্ছেদ অভিযানে ১১০০ মুসলিম পরিবারের ঘর ও ১০ মসজিদ গুঁড়িয়েছে প্রশাসন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের তিন জেলায় টানা দুই দিনের উচ্ছেদ অভিযানে ১ হাজার ১০০টিরও বেশি মুসলিম পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। গত ১৭ ও ১৮ অক্টোবর নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় এই অভিযান চালানো হয়। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর বেশিরভাগই বাংলাভাষী মুসলিম বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রলের প্রতিবেদন অনুযায়ী, অভিযানের প্রথম দিন ১৭ অক্টোবর মোট ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। এর মধ্যে নগাঁও জেলায় ৩৩৬টি, হোজাইয়ে ১৫২টি এবং গোলাঘাটে ৫৯টি পরিবার ছিল। পরের দিন ১৮ অক্টোবর নগাঁও জেলার লুটুমারি-লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে আরও ৫০০ থেকে ৬০০ পরিবারের বাড়িঘর ভেঙে ফেলা হয়। সব মিলিয়ে দুই দিনে উচ্ছেদ হওয়া পরিবারের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে।

ভুক্তভোগীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের পূর্বপুরুষেরা বন বিভাগের শ্রমিক হিসেবে কাজ করার সুবাদেই পরিবারগুলো ওই এলাকায় বসতি স্থাপন করেছিল। তবে আসাম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি ও সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা এবং বনাঞ্চল রক্ষা করাই এই অভিযানের মূল লক্ষ্য।

উচ্ছেদ অভিযানের সময় ১০টিরও বেশি মসজিদ ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। আব্দুল নূর নামের একজন দাবি করেছেন, ধ্বংস করা মসজিদগুলোর মধ্যে কয়েকটি পাঁচ দশকেরও বেশি পুরোনো। উচ্ছেদ হওয়া পরিবারগুলোর মধ্যে কয়েকজন গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হলেও আদালত তাদের আবেদন নাকচ করে দেয়। এর আগে গত জুন মাসে আদালত লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারীদের ৩০ দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিলেন এবং নির্ধারিত সময় পার হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও আদেশ দেওয়া হয়েছিল।