ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে নীরবে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সময়ে অঞ্চলটির একাধিক কূটনৈতিক মিশন থেকেও কর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। বুধবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। দুইজন মার্কিন কর্মকর্তা ও পরিস্থিতি সম্পর্কে অবহিত আরও দুই ব্যক্তির বরাতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, বর্তমান পদক্ষেপগুলোর সঙ্গে গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রথম দফার হামলার আগের প্রস্তুতির যথেষ্ট মিল রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জর্ডান, কাতার ও কুয়েতে মোতায়েন থাকা মার্কিন সৈন্যদের অন্যান্য স্থানে স্থানান্তর করা হচ্ছে। তবে বিমান প্রতিরক্ষা ও নিরাপত্তা তদারকিতে নিয়োজিত সীমিতসংখ্যক সদস্য এসব ঘাঁটিতে বহাল রাখার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর প্রাক্কালে সম্ভাব্য ইরানি পাল্টা আক্রমণ থেকে রক্ষা করতে ঝুঁকিপূর্ণ ঘাঁটিগুলো থেকে বিপুলসংখ্যক সেনা সরিয়ে নিয়েছিল পেন্টাগন। সে সময় হাজার হাজার মার্কিন সৈন্যকে সাধারণ হোটেল ও অফিস ভবনে রাখা হয়েছিল, যা নিয়ে তেহরান অভিযোগ তোলে যে ওয়াশিংটন উপসাগরীয় অঞ্চলের বাসিন্দাদের ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে।
সেনা স্থানান্তরের এই বিষয়টি নিয়ে সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, সামরিক অভিযানের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিতে নিয়মিত বিরতিতে সেনাদের অবস্থান পরিবর্তন করা হয়ে থাকে। একই সঙ্গে মার্কিন সেনা ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে ইয়েমেনের হুথি আন্দোলনের হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় কূটনৈতিক কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে বেসামরিক বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ঝুঁকি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ থেকে কূটনৈতিক কর্মী প্রত্যাহারের তোড়জোড় চলছে। অবশ্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট অতিরিক্ত কর্মী সরানোর বিষয়ে ছড়িয়ে পড়া খবরগুলোকে ‘ভুল’ বলে দাবি করেছেন।
