বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের উন্নতি, পিছিয়ে পড়েছে পাকিস্তান

ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে বাংলাদেশ। গত সপ্তাহে প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচক (জিএইচআই) প্রতিবেদনে দেখা গেছে, ২০০০ সাল থেকে ভারত ও নেপালের মতো বাংলাদেশও ক্ষুধা নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে একই সময়ে পাকিস্তানের পরিস্থিতির উল্টো অবনতি ঘটেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ক্ষুধা সূচকের স্কোর ১৯ দশমিক ২, যা দেশটিকে মাঝারি মাত্রার ক্ষুধা পরিস্থিতির অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে, ভারতের স্কোর ২৪ দশমিক ১ এবং পাকিস্তানের স্কোর ২৫ দশমিক ৫। এই দুই দেশই বর্তমানে গুরুতর ক্ষুধা পরিস্থিতির মধ্যে রয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কা ও নেপালের অবস্থান ভালো।

পাকিস্তানের পরিস্থিতি বর্তমানে বিশেষভাবে উদ্বেগজনক। ২০১৮ সালে দেশটির স্কোর ছিল ২৪ দশমিক ০, যা বর্তমানে বেড়ে ২৫ দশমিক ৫ হয়েছে। ১২২টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১০৬তম। ক্ষুধা সূচকে দেশটির স্কোর আফগানিস্তান, সিয়েরা লিওন ও সিরিয়ার মতো দেশগুলোর চেয়েও বেশি।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে ক্ষুধা ও অপুষ্টি হ্রাসের পেছনে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং স্বাস্থ্য ও সামাজিক সেবার বিস্তার বড় ভূমিকা রেখেছে। লন্ডনভিত্তিক আর্থিক বিশ্লেষক জাভেদ হাসান জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে জানান, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাত নারীদের জন্য কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি করেছে। এছাড়া কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মেয়েদের শিক্ষার সুযোগ বাড়ানো বাংলাদেশের এই অগ্রগতির মূল ভিত্তি হিসেবে কাজ করেছে।