সম্পদ বিবরণী না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার ২ নম্বর বিশেষ জজ আয়েশা নাসরিনের আদালতে এই রায় ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৫ জুলাই এই মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

মামলার নথিপত্র অনুযায়ী, এস কে সুরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ প্রেক্ষিতে দুদক তার নিজের এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণী নোটিস পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়সীমা পার হওয়ার পরও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

এই ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলাটি দায়ের করেন। পরে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন। একই বছরের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালীন আদালত মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের এই সাবেক ডেপুটি গভর্নরকে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে দুদক। সেই থেকে তিনি কারাগারেই আটক রয়েছেন।

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১১: ০৯আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১১: ১০