যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসার আগে ওয়াশিংটনকে অবশ্যই আস্থা পুনর্গঠনের কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের পক্ষ থেকে দেওয়া সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান ওয়াশিংটনের কাছে সাতটি সুনির্দিষ্ট শর্ত পাঠিয়েছিল। এই শর্তগুলোর মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা, ইরানের জব্দ করা অর্থ ছাড় দেওয়া এবং দেশটির ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে আসা জবাবকে ইরান ‘অপর্যাপ্ত’ বলে প্রত্যাখ্যান করেছে।
তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে বৈঠকের সময়ও মোহসেন রেজাই একই অবস্থানের পুনরাবৃত্তি করেন। তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন যদি আস্থা পুনর্গঠনের পদক্ষেপ না নেয়, তবে আলোচনা সামনে এগোবে না। তার দাবি, এ বিষয়ে ইরানের জনগণ ও কর্মকর্তাদের মধ্যে দৃঢ় ঐকমত্য রয়েছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধ আলোচনার পথে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র বারবার ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার দাবি জানিয়ে আসছে। তবে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে। রেজাই আরও বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের এক গ্রামও ইরান থেকে বাইরে নেওয়া হবে না; এগুলো ইরানের জনগণের সম্পদ এবং দেশের অভ্যন্তরেই ব্যবহৃত হবে।
হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়েও ইরান তাদের শর্ত পূরণের ওপর গুরুত্ব দিয়েছে। দেশটি জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথ উন্মুক্ত করার আগে অবরোধ প্রত্যাহারসহ তেহরানের দাবিগুলো মেনে নিতে হবে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু হবে কি না, তা এখন পুরোপুরি ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের ওপর নির্ভর করছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। খবর এএফপির।

