প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার প্রেক্ষিতে আমার দেশ-এ প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের বিষয়ে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। তবে এই প্রতিবেদনে সাবমেরিন ক্যাবল লাইসেন্স প্রদানে রাজনৈতিক নির্দেশনা এবং আওয়ামী সিন্ডিকেটের মালিকানার মূল অভিযোগগুলো এড়িয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
আমার দেশ-এর পক্ষ থেকে গত ২৬ সেপ্টেম্বর ‘সামিটের নেতৃত্বে সাবমেরিন ক্যাবলের অবৈধ কনসোর্টিয়াম’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে পৃথক লাইসেন্স নিয়ে অবৈধভাবে যৌথ কনসোর্টিয়াম গঠনসহ বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরা হয়েছিল। এতে আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন কোম্পানি সামিট, সিডিনেট ও মেটাকোর-এর সংশ্লিষ্টতা এবং বিতর্কিত মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে লাইসেন্স প্রাপ্তির অভিযোগ করা হয়।
পাঁচ সপ্তাহ পর দাখিল করা বিটিআরসির প্রতিবেদনে লাইসেন্স প্রদান প্রক্রিয়ার বৈধতা এবং কনসোর্টিয়াম গঠনের পক্ষে দীর্ঘ সাফাই গাওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত চার বছরের মেয়াদ শেষ হওয়ার পরও সেবা চালু করতে না পারায় নতুন করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত চেয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
বিটিআরসির দাবি, ২০১১ সালের লাইসেন্সিং গাইডলাইন এবং ২০২১ ও ২০২২ সালের সংশোধনী ও উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমেই আবেদন আহ্বান করা হয়েছিল। স্বচ্ছতা ও সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে আবেদনের সময়সীমা দুই দফা বাড়িয়ে ১০ মে ২০২২ পর্যন্ত করা হয়। মূল্যায়ন কমিটির তথ্য অনুযায়ী, ছয়টি প্রতিষ্ঠানের প্রস্তাব যাচাই-বাছাই শেষে ২০২২ সালের ২৪ জুলাই মূল্যায়ন প্রতিবেদন দাখিল করা হয়। এতে সামিট কমিউনিকেশনস লিমিটেড ৯২.৪৬ নম্বর, সিডিনেট কমিউনিকেশনস লিমিটেড ৮৭.৬৪ নম্বর এবং মেটাকোর সাবকম লিমিটেড ৮৬.৪৮ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পূর্বানুমোদনক্রমে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই তিন প্রতিষ্ঠানকে পৃথক লাইসেন্স দেওয়া হয়।
কনসোর্টিয়াম গঠন ও আইনি ব্যাখ্যার বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের এপ্রিল মাসে তিন লাইসেন্সধারী প্রতিষ্ঠান সিঙ্গাপুর থেকে মিয়ানমার পর্যন্ত ট্রাঙ্ক ক্যাবলের জন্য ‘ক্যাম্পানা গ্রুপ’ এবং ব্রাঞ্চ ক্যাবলের জন্য যৌথ কনসোর্টিয়াম গঠনের সিদ্ধান্ত নেয়। বিটিআরসির যুক্তি, একক কনসোর্টিয়াম ব্যবস্থার পরিবর্তে তিনটি স্বতন্ত্র ক্যাবল স্থাপন করতে গেলে তিন গুণের বেশি ব্যয় হতো, তাই এই খরচ এড়াতে তারা যৌথভাবে প্রায় ১,১০০ কিলোমিটার আন্ডারওয়াটার ক্যাবল স্থাপনের উদ্যোগ নেয়। গাইডলাইনের ২১ অনুচ্ছেদ অনুযায়ী ট্রাঙ্ক বা সংশ্লিষ্ট চুক্তির ক্ষেত্রে কমিশনে তথ্য দাখিলের বাধ্যবাধকতা থাকলেও পূর্বানুমোদন নেওয়ার কোনো আইনি বাধা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বর্তমান চাহিদা সিঙ্গাপুরমুখী হওয়ায় কেবল পূর্বমুখী রুটে ক্যাবল বিস্তারের পরিকল্পনার কথা জানিয়েছে বিটিআরসি এবং দাবি করেছে যে, প্রতিটি ফাইবার পেয়ারে ১৫.২ টিবিপিএস ক্যাপাসিটি অর্জিত হবে।
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৮: ৩৮আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৮: ৩৯

