ওমানে হৃদরোগে প্রবাসীর মৃত্যু, মরদেহ ফেরাতে পরিবারের আকুতি

ওমানে হৃদরোগে আক্রান্ত হয়ে মনিরুজ্জামান বিপ্লব (৪৮) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিপ্লব কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার জামাইল এলাকার প্রয়াত নূরুল ইসলামের ছেলে। তিনি ওমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার পরিবারে মা, স্ত্রী সোমা আক্তার এবং দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিপ্লবের ফুপাতো ভাই কাউসার টিটু জানান, রোববার রাতে বিপ্লব তার স্ত্রীকে ফোন করে বুকে তীব্র ব্যথা অনুভব করার কথা জানিয়েছিলেন। এরপর তাকে দ্রুত ওমানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। এক সহকর্মীর মাধ্যমে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।

খবর পাওয়ার পর কাউসার টিটু কিশোরগঞ্জ শহর থেকে বিপ্লবের বাড়িতে ছুটে যান। বর্তমানে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে না। বিপ্লবের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।