ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ বুলগেরিয়ায় জরুরি অবতরণ করেছে। গতকাল রোববার বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইটটি রোমানিয়া সীমান্তের কাছাকাছি আকাশসীমায় থাকা অবস্থায় উড়োজাহাজের ক্রুরা বোমার হুমকি পান। এই হুমকির বিষয়টি জানার পর পাইলট উড়োজাহাজটিকে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করানোর সিদ্ধান্ত নেন। বুলগেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজটিকে দেশটির বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান এসকর্ট করে সোফিয়া বিমানবন্দরে নিয়ে আসে।
উড়োজাহাজটিতে ছয়জন ক্রু এবং ৫১ জন যাত্রী ছিলেন। অবতরণের পর তাঁরা সবাই নিরাপদে বিমান থেকে নেমে এসেছেন বলে পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে। এয়ারলাইনস কর্তৃপক্ষ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বিমানটিতে নিরাপত্তা তল্লাশি চালানো হয়েছে এবং যাত্রীদের যত দ্রুত সম্ভব বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় একটি সংকট মোকাবিলা দল গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ফ্লাইট পর্যবেক্ষণবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য মতে, ফ্লাইটটি গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দর ছেড়েছিল। প্রায় তিন ঘণ্টা পর রাত ৯টা ৪৩ মিনিটে এটি সোফিয়া বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি রাত ৯টা ১০ মিনিটের দিকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে, এরপর দক্ষিণ দিকে ঘুরে আবার বুলগেরিয়ার দিকে ফিরে আসে। এডিএস-বি এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ওই সময় উড়োজাহাজটি সাধারণ জরুরি অবস্থার সংকেত পাঠাচ্ছিল।
উল্লেখ্য, গত মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজেও জরুরি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই ঘটনায় ১৭৪ যাত্রী নিয়ে যাওয়ার পথে উড়োজাহাজটির এক সহকারী পাইলট কুড়াল দিয়ে পাইলটের ওপর হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। হামাম আল-হাম্মামি নামের ওমানের নাগরিক ওই সহকারী পাইলটের উদ্দেশ্য ছিল উড়োজাহাজটি বিধ্বস্ত করা। যাত্রী ও ক্রুরা তাঁকে কাবু করার আগে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে গিয়েছিল। পরে সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করানো হয়। ওই ঘটনার পর ইসরায়েল সরকার দেশটিতে আসা সব উড়োজাহাজের পাইলটদের পরিচয় যাচাই করার নির্দেশ দিয়েছিল।

