সৌদির চার অঞ্চলে তীব্র বৃষ্টি ও বন্যার রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের চারটি অঞ্চলে তীব্র বজ্রপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সরকার। রোববার (১৮ অক্টোবর) সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) এক বুলেটিনের মাধ্যমে এই সতর্কবার্তা নিশ্চিত করেছে। গালফ নিউজের তথ্য অনুযায়ী, এনসিএম-এর পূর্বাভাসে জিজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া কেন্দ্রটি জানিয়েছে, এই বৃষ্টিপাতের সাথে শিলাবৃষ্টি এবং শক্তিশালী দমকা হাওয়া বয়ে যেতে পারে, যা স্থানীয় পর্যায়ে ধূলিঝড় ও বালুঝড় সৃষ্টির কারণ হতে পারে। ভারী বর্ষণের ফলে এই চার অঞ্চলের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি অনেক বেড়ে গেছে বলে সংস্থাটি সতর্ক করেছে। এছাড়া জিজান, আসির, আল-বাহা ও মক্কার কিছু অংশসহ পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে।

এদিকে, সৌদির বিভিন্ন শহরে তাপমাত্রা চড়া থাকার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া কেন্দ্র। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হতে পারে। এছাড়া মক্কায় ৩৯ ডিগ্রি, রিয়াদ ও বুরাইদাহ উভয় শহরেই ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। মদিনায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি, জেদ্দা ও জিজানে ৩৬ ডিগ্রি, হায়েলে ৩৩ ডিগ্রি, আরাক, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে।