ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি 'পূর্ণ ও অকুণ্ঠ সমর্থন' পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে তিনি এই সমর্থনের কথা ঘোষণা করেন। ট্রাম্প তাঁর বক্তব্যে নেতানিয়াহুকে 'শক্তিশালী, সাহসী ও মেধাবী' একজন নেতা হিসেবে অভিহিত করেছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি নেতানিয়াহু বা 'বিবি'কে অত্যন্ত সংকটময় ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে দেখেছেন। ট্রাম্পের ভাষায়, "এ ধরনের পরিস্থিতিতে সাধারণ নারী-পুরুষ চাপের মুখে ভেঙে পড়তেন। কিন্তু বিবি ভেঙে পড়েননি। বরং তিনি আরো শক্তিশালী হয়েছেন।" ইসরায়েলবাসীর উদ্দেশে আশ্বাস দিয়ে তিনি আরও যোগ করেন, নেতানিয়াহু তাদের কখনোই হতাশ করবেন না। একই সঙ্গে নেতানিয়াহুর বিকল্প হিসেবে অন্য কাউকে নির্বাচিত করা ইসরায়েলের জন্য একটি ভুল সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প।
বার্তার একটি অংশে ইরান প্রসঙ্গে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তেহরান যদি নিজেদের অবস্থান পরিবর্তন না করে, তবে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই 'কাজ শেষ করবে'। তবে ইসরায়েলের ক্ষমতায় নেতানিয়াহু না থাকলে ওয়াশিংটন একাকী এই পদক্ষেপ নিতে অনীহা প্রকাশ করবে বলেও ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প স্পষ্ট করে বলেন, "ইসরাইলের নেতৃত্বে যদি ভুল ব্যক্তি থাকেন—অর্থাৎ বিবি ছাড়া অন্য কেউ—তাহলে যুক্তরাষ্ট্রকে একাই এ কাজ করতে হবে। আর আমি তা করতে আগ্রহী নই।"
মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন প্রকাশ্য সমর্থন পাওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি লেখেন, "আপনার অসাধারণ সমর্থন ও অংশীদারত্বের জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা একসঙ্গে মিশন সম্পন্ন করব!"
এদিকে আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটের দিন যতই এগিয়ে আসছে, জনমত জরিপগুলোতে প্রধান দুই শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী রাজনৈতিক শিবিরের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। রোববার প্রকাশিত হিব্রু দৈনিক মারিভের একটি জনমত জরিপে দেখা গেছে, দুই রাজনৈতিক শিবিরই ৫১টি করে আসন পেতে পারে। ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে (ক্নেসেট) সরকার গঠন তথা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন হওয়ায় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হওয়ার চিত্র উঠে এসেছে।

