মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ইশরাক হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন কিছু বিষয় নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ফেসবুকে কিছু সুশীল মানুষকে তার বিষয়ে উল্লাসসূচক লেখালেখি করতে দেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে আন্দোলনে যোগ দেবেন।

পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। ইশরাক হোসেন বলেন, এখন থেকে প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, বরং একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আগের চেয়ে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। তিনি তার পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনাও জানিয়েছেন।

এর আগে, শনিবার ঢাকা-৬ আসনের আওতাধীন গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের একটি বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন ইশরাক হোসেন। ওই অভিযানের সময় তার অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার করা হয় যে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। যদিও সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এমন কোনো নির্দেশনা জানানো হয়নি। এ বিষয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তখন বিষয়টিকে ‘গুজব’ বলে মন্তব্য করেছিলেন।