ব্যক্তিগত জীবনের আলোচিত অধ্যায় থেকে আপাতত দূরে সরে নিজের মতো করে সময় কাটাচ্ছেন অভিনেত্রী শেহতাজ মণিরা হাশেম। সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেওয়ার পর বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন তিনি। তবে এবার প্রকৃতির সান্নিধ্যে কাটানো কিছু মুহূর্তের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো পোস্ট করেন শেহতাজ। খোলা প্রান্তর আর প্রকৃতির আবহে তোলা ছবিগুলোতে তাকে এক ভিন্ন রূপে দেখা গেছে। পোস্ট করা ছবিগুলোর সঙ্গে আবহসংগীত হিসেবে তিনি যুক্ত করেছেন সেন্ট অ্যাভানজেলিনের ‘লিলিল’ গানটি। বিচ্ছেদের ঘোষণার পর অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মধ্যে যে কৌতূহল তৈরি হয়েছে, তার মধ্যেই নতুন এই পোস্টটি অনুসারীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। প্রকাশের মাত্র সাত ঘণ্টার মধ্যেই ছবিগুলোতে প্রায় ৪১ হাজার প্রতিক্রিয়া পড়েছে।
তবে নতুন এই ছবিগুলোর মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবন বা বিচ্ছেদ নিয়ে কোনো ইঙ্গিত দিয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানাননি শেহতাজ। বিচ্ছেদ নিয়ে তিনি নতুন কোনো মন্তব্যও করেননি। ফলে প্রকৃতির মাঝে কাটানো সময়ের ছবিগুলোই এখন ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছে।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রীতম হাসান ও শেহতাজ মণিরা হাশেম। প্রেম থেকে দাম্পত্যে রূপ নেওয়া তাদের এই সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল সবসময়ই। তবে গত ৪ অক্টোবর এক যৌথ বিবৃতিতে তারা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান। বিবৃতিতে তারা উল্লেখ করেন, দীর্ঘ দশ বছরের পথচলার পর পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বিচ্ছেদের সিদ্ধান্তের বিষয়ে প্রীতম হাসান জানান, এটি কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়। নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই পর্যায়ে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। জীবনের নতুন অধ্যায়ে দুজন আলাদাভাবে এগিয়ে যেতে চান উল্লেখ করে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছিলেন এই সংগীতশিল্পী।

