ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে ডিমওয়ালা মা ইলিশ শিকারের খবর পাওয়া গেছে। দিন-রাত সমানতালে নদী থেকে ইলিশ নিধন করে উপজেলার বিভিন্ন মাছঘাটে প্রকাশ্যে বিক্রি করছেন অসাধু জেলেরা। এমন পরিস্থিতিতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান আরও জোরালো ও কঠোর করার দাবি জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবী ও সচেতন মহল।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার বড় মানিকা ইউনিয়নের আলীমুদ্দিন বাংলাবাজার মাছঘাট, সেন্টার বাজার মাছঘাট ও স্বরাজগঞ্জ মাছঘাটসহ মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে অসাধু জেলে ও ব্যবসায়ীরা প্রকাশ্যে ইলিশ কেনাবেচা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা জাতীয় মৎস্য সমিতির প্রতিনিধি জাহিদ হাসান জামাল ও মো. ফরিদুল আলম অভিযোগ করে বলেন, মেঘনা নদীতে বর্তমানে মা ইলিশ নিধনের মহোৎসব চলছে। অসাধু চক্রকে দমনে মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের নেওয়া পদক্ষেপ পর্যাপ্ত নয় উল্লেখ করে তারা অবিলম্বে কঠোর অভিযান পরিচালনার তাগিদ দেন।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় সরকার গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিনের জন্য কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এই নির্দিষ্ট সময়ে নদ-নদী ও সাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত এবং কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে।
তবে মা ইলিশ নিধনের অভিযোগের মুখে বোরহানউদ্দিন হাকিমুদ্দিন নৌ পুলিশ জানিয়েছে, ইলিশ সংরক্ষণে তাদের নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, কতিপয় অসাধু জেলে সরকারি আদেশ অমান্য করে মা ইলিশ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। তবে মা ইলিশ রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের জোরালো অভিযান মাঠে সক্রিয় রয়েছে।
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৪: ৫১আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৪: ৫৪

