রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় পিস্তল উঁচিয়ে মহড়া দেওয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন শপথ ভঙ্গ করেছেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির মতে, একজন প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ড দেশে ত্রাসের রাজত্ব কায়েমের অশনিসংকেত।
রোববার (১৬ অক্টোবর) প্রদত্ত এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন। বিবৃতিতে তিনি অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে মাদকের বিস্তার ঘটেছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারের দায়িত্বে থাকা মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিরা নিজেদের ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে নানাবিধ কৃত্রিম তৎপরতা শুরু করেছেন। এরই অংশ হিসেবে গেন্ডারিয়ায় ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরা ত্রাসের রাজত্ব তৈরির স্পষ্ট বহিঃপ্রকাশ।
অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের দেশের প্রচলিত অস্ত্র আইনের কথা উল্লেখ করে বলেন, নিজের আত্মরক্ষা ব্যতীত বৈধ অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির সুযোগ আইন দেয় না। দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কাঠামো বিদ্যমান থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রী যেভাবে অস্ত্র উঁচিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, জনমনে ভীতি তৈরি করেছেন এবং তার দেহরক্ষীরা যে আগ্রাসী ভূমিকা পালন করেছেন, তা সম্পূর্ণ অনভিপ্রেত, আইনবিরোধী ও অনাকাঙ্ক্ষিত। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রীর সক্রিয় হওয়া জরুরি বলে তিনি মনে করেন।
বিবৃতিতে জামায়াত নেতা আরও উল্লেখ করেন, প্রতিমন্ত্রী নিজের এসব আইনবহির্ভূত কর্মকাণ্ডের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেছেন। এর মাধ্যমে জনমনে ভীতি সঞ্চার করে ত্রাস সৃষ্টি করার যে অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে, তা অগ্রহণযোগ্য। তার এই আচরণ শপথ ভঙ্গের শামিল, যা সন্ত্রাসীদের আরও উৎসাহিত করবে এবং সাধারণ মানুষ এটি ভালোভাবে নেবে না। একই সঙ্গে সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের কঠোরভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় দলটি।

