অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানের পর মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে সরাসরি অস্বীকার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক অডিওবার্তায় তিনি জানিয়েছেন, পদত্যাগের নির্দেশের খবরটি নিছক গুজব এবং এর কোনো সত্যতা নেই। প্রতিমন্ত্রী বলেন, দল থেকে যদি এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হতো, তবে তা উড়ো খবরের মাধ্যমে আসত না। অবশ্যই প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি সবাইকে জানানো হতো। তিনি এই বিভ্রান্তিকর তথ্যের উৎস সম্পর্কে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় যে, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে ডেকে নিয়ে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে এই খবরের বিষয়ে সরকারের দায়িত্বশীল কোনো মহলের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিমন্ত্রীর পদত্যাগের এই খবরকে ‘অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন তার প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা। তিনি একটি প্রতিবাদ পত্রে জানান, প্রতিমন্ত্রী অত্যন্ত নিষ্ঠার সাথে তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব পালন করছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। প্রেস কর্মকর্তা আরও উল্লেখ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।
প্রতিবাদ পত্রে আরও জানানো হয়, শনিবার নিজ সংসদীয় এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার স্বার্থে প্রতিমন্ত্রী আইনসম্মতভাবেই অস্ত্র প্রদর্শন করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে পদত্যাগের খবর ছড়ানো সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী ও বেআইনি। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে এই বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রীর অস্ত্র হাতে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

